জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শুক্রবার চার জেলায় ৫টি জনসভায় বক্তব্য রাখবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠের জনসভায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের নেতা ডা. শফিকুর রহমান।
সেখানে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন। জনসভায় ডা. শফিকুর রহমান ছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয়পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন।
জামায়াতে ইসলামীর আমিরের মেহেন্দিগঞ্জে আগমন এবং নির্বাচনী জনসভাকে সফল করতে ইতোমধ্যে দলের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভার সার্বিক প্রস্তুতি কাজ দেখাশোনা করেছেন।
এর আগে তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনের নির্বাচনি জনসভায় অংশ নিবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাউফল পাবলিক মাঠ পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ।
ডা. শফিকুর রহমান বাউফলে সকাল ১০ জনসভায় বক্তব্য রাখবেন।
বিকালে ফরিদপুরে জামায়াতের আয়োজনে দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়ালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেলে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) বোয়ালমারী স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমির।
একই দিন রাতে ফরিদপুর-৩ (সদর) আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায়ও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
ডা. শফিকুর রহমান শুক্রবার বিকালে নড়াইলে জনসভায় বক্তব্য রাখবেন। তার এই সফরকে ঘিরে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংগঠনের নেতারা জানিয়েছেন, জনসভা সফল করতে সাংগঠনিক, নিরাপত্তা ও শৃঙ্খলাসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।