বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গভীর রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে আজ সকালে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে দলটি।
আজ রাত ৩টা ৩০ মিনিটে ঢাকার হাতিরঝিল থানায় গিয়ে জিডি করেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। টুইটার আইডি হ্যাক ও তা নিয়ে অপপ্রচারের ঘটনায় প্রশাসনের সহযোগিতা চেয়ে এই জিডি করা হয়।
এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, “বিকেল ৪ টার পরপর জামাতের আমিরের এক্স হ্যান্ডেল আইডিটি হ্যাক হয় এবং সাড়ে ৪ টার দিকে একটি অপ্রত্যাশিত পোস্ট হয়ে যায়। পরে জামায়াতের সাইবার টিম আইডি উদ্ধারের চেষ্টা চালায়। ৫ টার কিছু পরে আইডি উদ্ধার করা সম্ভব হয়। এবং পোস্ট টি সরানো হয়। কিন্তু পরবর্তীতে সেই পোস্টটি নিয়ে অপপ্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটি থামাতেই প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। জিডি করা হয়েছে হাতিরঝিল থানায়।”
তিনি আরও বলেন,“নারীদেরকে অবমাননা করে পোস্ট করা হয়েছিল যেটা আমিরের মনোভাব ও অন্যান্য পোস্ট বা বক্তব্যের সাথে সাংঘর্ষিক। যে পোস্ট টি হয়েছে সেটি হ্যাকড হওয়ার কারণেই হয়েছে।
সারাদেশে জামায়াতে ইসলামীর যে জনপ্রিয়তা, মানুষের যে সমর্থন তা দেখে কোন একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।”
জিডির পাশাপাশি বিষয়টি জনসমক্ষে পরিষ্কার করতে আজ সকাল ৮ টায় প্রেস ব্রিফিং করা হবে বলে দলটি জানিয়েছে।