সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার গভীর রাত (১৯ নভেম্বর) পর্যন্ত গোপালগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, চাঁদপুর, বরগুনা ও ফেনীতে এসব ঘটনা ঘটে।
এসব ঘটনায় সাবেক মন্ত্রী ও এমপি শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, শ ম রেজাউল করিম,শামীম ওসমান, সুজিত রায় নন্দী, কাজী আলমগীর, হাজী রহিম উল্লাহসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলার খবর পাওয়া গেছে।
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে ভাঙচুর ও আগুন
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একদল লোক ক্লিনিকটিতে হামলা চালায়। তারা ভবনের নিচতলায় প্যাথলজি, অভ্যর্থনা কক্ষ ভাঙচুর করে আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ভবনের সামনের সাইনবোর্ডও পুড়ে যায়। ঘটনার সময় দ্বিতীয় তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তারা জেনেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুরে শাজাহান খানের পারিবারিক প্রতিষ্ঠানে হামলা
মাদারীপুর শহরের পাকদী এলাকায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যাবসাপ্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হামলার কিছুক্ষণ আগে প্রতিষ্ঠানটির সামনে দিয়ে আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচির বিরোধিতা করে বিএনপির অঙ্গসংগঠনের একটি মিছিল যায়। এসময় প্রতিষ্ঠানটির কয়েকটি জানালার কাচ ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। কারা হামলা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় আগুন দেওয়ার চেষ্টা
বরিশাল নগরের আশ্রাব সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বহুতল বাসভবনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। বুধবার দিবাগত রাত (১৯ নভেম্বর) সোয়া দুইটার দিকে ভবনের নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নানকের বাসভবনের সামনে একদল লোকের জটলা দেখে টহল পুলিশ সেখানে যায়। এর আগে দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও নিচতলায় আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন বলেন, নানকের বাসভবনে আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিসকে কেউ খবর দেননি।
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা
নারায়ণগঞ্জ নগরের জামতলা আবাসিক এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত ডুপ্লেক্স বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে ১৫ থেকে ২০ জনের একটি মিছিল নিয়ে তারা বাড়িটির সামনে যান। এ সময় কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে একজন বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। পরে মিছিলকারীরা সেখান থেকে চলে যান।
প্রত্যক্ষদর্শী ও মহল্লার নৈশপ্রহরী মো. হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম বলেন, ঘটনাটি তাঁর জানা নেই।
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে একই রাতে পৃথক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে শহরের নতুন বাজার ও সদর উপজেলার ফরক্কাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নেভান। অন্যদিকে, ফরক্কাবাদ গ্রামে সুজিত রায় নন্দীর দোতলা বাড়িতে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে আসা একটি দল আগুন দেয় বলে স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন। এতে বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িটির অধিকাংশ আসবাবপত্র পুড়ে গিয়েছিল।
চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, সুজিত রায় নন্দীর বাড়িতে আগুনের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দীপু মনির বাসায় অগ্নিসংযোগের বিষয়ে তারা কোনো সংবাদ পাননি।
ফেনীতে সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে লুটপাট ও আগুন
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত (১৯ নভেম্বর) রাত ২টার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে তাঁর বহুতল বাড়ি ও সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
বাড়িতে থাকা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম বলেন, ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে। প্রথমে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে ঘরের তিনটি কক্ষে এবং সামনে থাকা তিনটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আসবাবপত্রসহ বাড়ির বিভিন্ন জিনিস পুড়ে যায়। তবে কেউ হতাহত হননি।
সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাজী রহিম উল্লাহ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা কাজী আলমগীরের বাড়িতে আগুন
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের এতিমখানা রোডের বাসভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা ভবনের নিচতলা ও দোতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।তবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি। এর আগে ২০২৪ সালের ৮ আগস্টও বাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরপর থেকে ভবনটিতে কাজী আলমগীরের পরিবারের সদস্য ও স্বজনদের কেউ বসবাস করেন না। ঘটনার সময় বাড়িটি তালাবদ্ধ ছিল।
পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বাসাটি তালাবদ্ধ অবস্থায় ছিল।
বরগুনায় আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ
বরগুনা পৌর শহরের চরকলোনী এলাকায় আওয়ামী লীগের সাবেক জেলা সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত বাড়িটিতে পুলিশের নিয়মিত টহলের সময় আগুন দেখতে পান সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।