বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘নৈতিকভাবে ক্ষয়ে যাওয়া রাজনৈতিক গোষ্ঠী’ বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। ১৯৭১ সালের ভূমিকা এবং গাজী নজরুল ও আমির হামজাকে ঘিরে দলটির অবস্থান নিয়ে সমালোচনা করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তারেক রহমান।
পোস্টে তিনি লেখেন, ‘জামায়াত নৈতিকভাবে ক্ষয়ে যাওয়া একটা রাজনৈতিক গোষ্ঠী।
যারা না ৭১-এর ঘটনায় লজ্জা পায়। না গাজী নজরুল, আমির হামজার মতো লোকদের নিয়ে লজ্জা পায়। ’
ইসলামে লজ্জা বা ‘হায়া’ ঈমানের অন্যতম প্রধান অংশ এবং উন্নত চরিত্রের ভূষণ উল্লেখ করে তিনি রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিসও উদ্ধৃত করেন।
হাদিসের উদ্ধৃতি দিয়ে তারেক রহমান লেখেন, ‘পূর্ববর্তী নবিগণের বাণী থেকে মানুষ যে শিক্ষাগুলো পেয়েছে, তার মধ্যে একটি হলো—যদি তোমার লজ্জা না থাকে, তবে তুমি যা ইচ্ছা তাই করতে পারো।
’ (সহিহ বুখারি)
পোস্টে তিনি আরও লেখেন, সম্প্রতি আমির হামজাকে সংসদে দাঁড় করিয়েছে জামায়াত। গাজী নজরুল কারাগারে না থাকলে তাঁকেও সংসদে দাঁড় করানো হতো বলে মন্তব্য করেন তিনি।
তবে গাজী নজরুল বা আমির হামজা এ টি এম আজহার, গোলাম আযম ও নিজামীদের মতো অপরাধী নন বলেও পোস্টে উল্লেখ করেন তারেক রহমান। এ কারণে তাঁদের সংসদ সদস্য পদ থেকে সরানোর প্রশ্ন আসে না বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে তারেক রহমান লেখেন, ‘আর লজ্জা পেয়েই কি হবে, এগুলোই তাদের মাথার মুকুট। মুকুটে ময়লা লাগলেও তা তাদেরই মাথার মুকুট। ’
শীর্ষনিউজ