Image description

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আসামিদের এজলাসে তোলা হয়েছে। এ সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বলতে শোনা যায়, ‘আমাদের জোর করে নেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে।’

তবে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে মাথা নিচু করে নীরবে এজলাসে প্রবেশ করতে দেখা যায়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ১১ আসামিকে একে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসে নেওয়া হয়। 

এদিন প্রথমে হুইলচেয়ারে করে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে নেওয়া হয়। এরপর সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও ৭১ টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে স্বাভাবিকভাবে তোলা হয়। বাকিদের নেওয়া হয় দুপুর ১২টা ৫৫ মিনিটে।

তাদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল কিছুটা জোরাজুরি করেন। তবে জিয়াউল আহসান ছিলেন একেবারে চুপচাপ। মাথা নিচু করে এজলাসে প্রবেশ করেন তিনি। তবে জোর করে নেওয়া হচ্ছে বলে জানান লতিফ সিদ্দিকী।

আসামিদের এজলাসে নেওয়ার সময় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। দুই পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সামনে পুলিশ সদস্যরা ঘিরে রাখেন।

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। তাদের মধ্যে গ্রেপ্তার ১১ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বাকি আসামিরা পলাতক।

গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

এ মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনা উল্লেখ করা হয়েছে।