Image description

বাসে আগুন, সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় নানা উদ্যোগ নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও সহিংস পরিবেশ তৈরি হলে গভীর নজর রাখা হচ্ছে। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ কয়েকটি জেলায় বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, গোয়েন্দাদের কাছে তথ্য আছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিসহ ৩৫ জন নাশকতার পেছন ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অর্থের জোগানদাতা আছেন ৯ জন।

কিছুদিন ধরে রাজধানীসহ নানা স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। সর্বশেষ গত শনিবার রাত থেকে গোপালগঞ্জ উত্তপ্ত ছিল। কয়েক দিন ধরে সেখানে রাস্তা অবরোধ করে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে। এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এক দিনে দেশের ২৮টি জেলায় বাস ও ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। 

নাশকতার পেছন ভূমিকা রাখা ব্যক্তিদের মধ্যে চাকরিচ্যুত সরকারি কর্মকর্তাও আছেন। গোয়েন্দা সূত্র বলছে, কীভাবে কারা কোথায় ককটেল তৈরি করছে– সেই তথ্য তারা পেয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।  

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে চারজনের নাম আছে। তাদের মধ্যে দুজন সাবেক মন্ত্রী, একজন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও অন্যজন সাবেক আমলা। 

সূত্রটি জানায়, নাশকতায় নেতৃত্বদানকারীর তালিকায় ১১ জন রয়েছেন বলে দাবি গোয়েন্দাদের। তাদের মধ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুজন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন, সিলেট বিভাগের আওয়ামী লীগের সাবেক দুই এমপি, নারায়ণগঞ্জের সাবেক এক এমপি, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা, ঢাকার একটি আসনের সাবেক এক এমপি ও জামালপুরের সাবেক এক এমপি আছেন। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রটির দাবি, ঢাকাকেন্দ্রিক নাশকতায় পেছন থেকে ভূমিকা রাখছেন আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী, পুরান ঢাকার দলটির সাবেক এক এমপি, সাবেক এক মেয়র ও নিষিদ্ধ যুবলীগের এক নেতা। চট্টগ্রামে নানা ধরনের নাশকতায় নেপথ্যে তিনজন রয়েছেন বলে দাবি গোয়েন্দাদের। তাদের মধ্যে সাবেক এক মন্ত্রী, ফেনীর সাবেক এক এমপি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলর রয়েছেন। গোয়েন্দাদের তালিকায় নাশকতায় নেতৃত্ব দেওয়া আরও আট নেতার নাম পৃথকভাবে উল্লেখ করা হয়। তাদের মধ্যে আওয়ামী লীগের সাবেক চার এমপি, তিতুমীর কলেজের সাবেক এক ছাত্রলীগ নেতা, মাগুরা আওয়ামী লীগের সাবেক এক নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এক নেতা আছেন।  

গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সমর্থক কয়লা ব্যবসায়ীদের মাধ্যমে ককটেল ও বিস্ফোরক জাতীয় দ্রব্য পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে আনা হয়। কয়লার গাড়িতে এসব বহন করা হয়। বুড়িমারী স্থলবন্দর, শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের পাশাপাশি সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমসেরনগর, কসবা ও আখাউড়া সীমান্ত এলাকা ব্যবহার করা হয়। শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ, বগুড়ার সারিয়াকান্দির চরের দুর্গম এলাকায় ককটেল বানানো হয়। 

সম্প্রতি পুলিশ সদরদপ্তরের এক বৈঠকে দেশের সব সীমান্ত জেলায় পুলিশকে নজরদারি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে সীমান্তের ওপার থেকে অস্ত্র, বিস্ফোরক বা কোনো সন্দেহভাজন ব্যক্তি ঢুকতে না পারে। সারাদেশে বিশেষ যে অভিযান চলমান আছে, তা জোরদার রাখার নির্দেশ দেওয়া হয়। নাশকতাকারীদের বিরুদ্ধে যেসব মামলা আছে, সেগুলোর তদন্ত দ্রুত শেষ করে সাজা কার্যকর হওয়া পর্যন্ত তদারক করার নির্দেশনা দেওয়া হয়েছে।