Image description

খুলনা নগরী ও জেলায় চলতি বছর ধারাবাহিক হত্যাকাণ্ড ও প্রকাশ্য গোলাগুলির ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। কখনও প্রকাশ্যে গুলি করে হত্যা, কখনও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন বা জখম, আবার কখনও বাড়িতে ঢুকে গুলিবর্ষণ। ছিনতাইয়ের মতো অপরাধেও ব্যবহৃত হচ্ছে আগ্নেয়াস্ত্র। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় ৭৯ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা বিএনপির নেতারা বলছেন, খুনসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই জামিনে বেরিয়ে তারা আবারও খুন, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে। এতে পুরো জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, তদন্তের দুর্বলতা ও প্রতিবেদনের ত্রুটির সুযোগে আসামিরা সহজেই জামিন পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় এখন থেকে মানসম্মত বা ‘কোয়ালিটি’ তদন্তের ওপর গুরুত্ব দিচ্ছে পুলিশ। তাদের ধারণা, তদন্তের মান উন্নত করে যথাযথ প্রতিবেদন আদালতে দাখিল করা হলে আসামিদের সহজে জামিন পাওয়া কঠিন হবে।

অবশ্য গ্রেফতারের পর আসামিদের দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের অভিযোগ, বড় বড় সন্ত্রাসীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলেও কিছুদিন পরই তারা জামিনে বেরিয়ে খুন, মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। এতে নানা সমালোচনার মুখে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনী।

খুলনা রেঞ্জের ডিআইজি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত খুলনায় ২২২টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে জেলায় ১২০টি এবং মহানগর এলাকায় ১০২টি হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে। এ সময়ে বিএনপির ১২ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ মাস ১৪ দিনে খুলনায় ৭৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে মহানগরে ৩৯টি এবং জেলায় ৪০টি। এসব হত্যা মামলার অধিকাংশ আসামিই জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়াচ্ছে।

 

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুলনার পুলিশ বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কতিপয় অদক্ষ পুলিশ কর্মকর্তার যোগদানের পর থেকেই খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। দক্ষতার অভাবে তদন্তে গাফিলতি থাকছে, প্রতিবেদনও হচ্ছে ত্রুটিপূর্ণ। ফলে আসামিরা উৎসাহ নিয়ে অপরাধ করছে। তারা জানে, আটক হলেও জামিন পেতে সমস্যা হবে না।’

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একের পর এক খুন হচ্ছে খুলনায়। বিচার না হওয়া এবং আসামিরা দ্রুত জামিনে মুক্তি পাওয়ার কারণে আরেকটি খুনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতির আরও অবনতি হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, আমরা আর কোনও হত্যাকাণ্ড দেখতে চাই না। এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। সবার আগে আটকের পর আসামিদের দ্রুত জামিনে মুক্তি ঠেকানোর বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। তারা দ্রুত জামিন পাওয়ায় খুনের ঘটনা বেড়ে গেছে। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারওয়ার বলেন, ‘স্থানীয় সরকারব্যবস্থা সচল থাকলে অপরাধপ্রবণতা কমে যায়। ৭০ শতাংশ অপরাধ নিয়ন্ত্রণ করেন জনপ্রতিনিধিরা। কাজেই নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া জরুরি। পাশাপাশি মানসম্পন্ন তদন্ত প্রতিবেদনও প্রয়োজন। এমন প্রতিবেদন হাতে পেলে আদালতও আসামির জামিন দেওয়ার আগে ভাবতে বাধ্য হবে।’

যা বলছেন পুলিশ সুপার

খুলনার জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ‘আমরা সন্ত্রাসীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাই। কিন্তু অপরাধীরা দ্রুত জামিন পেয়ে আবার অপরাধজগতে ফিরে যায়। এটি খুবই উদ্বেগের বিষয়। গ্রেফতারের পর আসামিদের আদালতে পাঠালে আমাদের আর কিছু করার থাকে না।’

তিনি বলেন, ‘অপরাধ দমনে দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে চলতি সপ্তাহেই খুলনা জেলা পুলিশ জোরালো অভিযান শুরু করতে যাচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং যত্রতত্র মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে। এ ছাড়া ব্লক রেইড, টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা পুলিশকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

এসআরবি-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘অপরাধীদের গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার, সুন্দরবনের জলদস্যুদের আটক এবং আত্মসমর্পণ করানোর ক্ষেত্রে এসআরবির সাফল্য অনেক। কিন্তু অপরাধীরা দ্রুত জামিনে বেরিয়ে আসায় উদ্বেগ তৈরি হচ্ছে। জামিনে বেরিয়ে তারা আবার অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের আটকাতে হবে।’

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পারসন আসিফ ইকবাল বলেন, ‘রেঞ্জ পুলিশের নিয়মিত সভা হচ্ছে। এসব সভায় তদন্ত কর্মকর্তাদের মামলার শতভাগ মান বজায় রেখে কোয়ালিটি তদন্ত সম্পন্ন করা এবং মানসম্মত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হচ্ছে। তদন্ত শতভাগ মানসম্মত হলে আসামিরা আদালতে গিয়ে সঙ্গে সঙ্গে জামিন পাবে না।’