গোপালগঞ্জে আওয়ামী লীগের অরাজকতা ও তাণ্ডবের প্রতিবাদে জামায়াত-শিবিরের রাজপথে না নামার সমালোচনা করেছেন রাশেদ খাঁন। তিনি বলেছেন, জামায়াত ভারতীয় ফাঁদ থেকে বের হয়ে রাজপথে নামলে তিনিও তাদের সাধুবাদ জানাবেন।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে লেখেন, ‘গোপালগঞ্জে আওয়ামী অরাজকতা ও তাণ্ডবের প্রতিবাদে কোথাও কি জামায়াত-শিবির রাজপথে নেমেছে? বরং আওয়ামী অরাজকতার জন্য বিএনপিকে দোষারোপ করে দায় এড়ানোর চেষ্টা করেছে জামায়াত-শিবির।’
তিনি লেখেন, ‘গোপালগঞ্জের ঘটনায় সরকার চাইলে কঠোরতা অবলম্বন করতে পারে, কিন্তু এটি করতে গেলে বহু হতাহতের ঘটনা ঘটতে পারে, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের রক্ষা করতে গিয়ে সংঘটিত হয়েছিলো। এবং এই হতাহতের ঘটনাকে ক্যাশ করতে পারে আওয়ামীলীগসহ অন্যান্য দেশি-বিদেশি অপশক্তি। এ কারণে সরকারকে ধৈর্য্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।’
‘বরং আওয়ামী দুর্বৃত্তদের এই অরাজকতাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। আর সেটির জন্য শুধু বিএনপি ও ছাত্রদল মাঠে থাকলেই হবে না, জামায়াত-শিবির, এনসিপিসহ গণঅভ্যুত্থানের সকল শক্তিকে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে। কিন্তু জামায়াত ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠকের মাধ্যমে যে ফাঁদে পা দিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর না হওয়ার যে কমিটমেন্ট করে এসেছে, সেখান থেকে বের হতে পারবে?’
তিনি আরও লেখেন, ‘জামায়াত যদি ভারতীয় ফাঁদ থেকে বের হয়ে রাজপথে নামে আমিও তাদের সাধুবাদ জানাবো, ইনশাআল্লাহ। সারাদেশের আওয়ামী সন্ত্রাসীদের গোপালগঞ্জে জড়ো করে ও গোপালগঞ্জকে জিম্মি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না বরং এই তাণ্ডব ও অরাজকতা অব্যাহত রাখলে ক্ষতিগ্রস্ত হবে গোপালগঞ্জের সাধারণ মানুষ।’
‘আওয়ামী অগ্নিসন্ত্রাস ও ভাংচুরের কারণে চিকিৎসা, গ্যাস, বিদ্যুৎ, ঔষধ, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য নাগরিক সেবা প্রদানে ব্যাহত হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সুতরাং গোপালগঞ্জের সাধারণ মানুষের জীবনকে স্বাভাবিক রাখতেই আওয়ামী দুর্বৃত্তদের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে হবে।’
তিনি আরও লেখেন, ‘আশা করি, গোপালগঞ্জবাসী তাদের নাগরিক মর্যাদা ও অধিকারের বিষয়ে সচেতন হবে এবং অরাজকতা ও অগ্নিসন্ত্রাসকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে পারবে, ইনশাআল্লাহ।’