Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। ক্ষমতাসীন বিএনপি ও বিরোধীদল জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে দলটির সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ তুলছে। আসছে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও দলটির নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড সমঝোতার সেই সন্দেহকে আরও প্রকট করেছে।

বিএনপির শীর্ষ নেতৃত্বের দাবি, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ ও বোঝাপড়া রয়েছে। অন্যদিকে জামায়াতের অভিযোগ, বিএনপি সরকারই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি করছে।

এই পাল্টাপাল্টি অভিযোগে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। দলটির নেতারা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ তুলেছেন। পাল্টা হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ এনেছেন। জামায়াত এ অভিযোগ প্রত্যাখ্যান করে প্রমাণ প্রকাশের দাবি জানিয়েছে।

 

সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যে রাজনৈতিক এই অবিশ্বাস আরও স্পষ্ট হয়েছে। রিজভীর অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের অতীত ও সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান জনমনে সন্দেহ তৈরি করেছে। অন্যদিকে গোলাম পরওয়ারের দাবি, দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি সরকার।

ফলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটি এখন আর শুধু দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা কিংবা রাজনীতিতে ফেরার সম্ভাবনার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে পড়েছে বিএনপি-জামায়াতের সম্পর্ক, জুলাই অভ্যুত্থানের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ।

তারেক রহমানের অভিযোগ, আওয়ামী লীগ-জামায়াত আবার এক হয়েছে

বিতর্কের সাম্প্রতিক পর্বে সরাসরি বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ১ অক্টোবর ফেনীর ফুলগাজীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জামায়াতের অতীত রাজনৈতিক যোগাযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দল দুটি বিভিন্ন সময়ে একসঙ্গে কাজ করেছে। তার বক্তব্যে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে আবারও যোগাযোগ বা সমঝোতা তৈরির ইঙ্গিত ছিল।

 

এরপর ২০ অক্টোবর রাজশাহীর এক জনসভায় তিনি আরও সরাসরি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশের বাইরে থেকে অর্থ পাঠিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং দেশের ভেতরে একটি রাজনৈতিক দল সেই কাজে সহযোগিতা করছে।

বিএনপির শীর্ষ নেতৃত্বের দাবি, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ ও বোঝাপড়া রয়েছে। অন্যদিকে জামায়াতের অভিযোগ, বিএনপি সরকারই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি করছে।

তারেক রহমান বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, দেশের বাইরে থেকে অর্থ সরবরাহ করা হচ্ছে, আর দেশের ভেতরে একটি পক্ষ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বক্তব্যে তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও রাজনৈতিক আলোচনায় তার ইঙ্গিত জামায়াতের দিকে বলে ব্যাখ্যা করা হয়।

তবে প্রধানমন্ত্রী যে গোয়েন্দা তথ্যের কথা বলেছেন, তার বিস্তারিত কিংবা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে উপস্থাপন করা হয়নি।

রিজভীর বক্তব্যে সামনে জামায়াত-আওয়ামী লীগ সম্পর্কের প্রশ্ন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কথিত রাজনৈতিক সম্পর্ক নিয়ে বিএনপির অবস্থান আরও স্পষ্ট করেছেন।

 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই জামায়াতের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার মতো বক্তব্য শোনা গিয়েছিল। এ ধরনের মনোভাব ও পরবর্তী রাজনৈতিক অবস্থান জনমনে বড় ধরনের সন্দেহ তৈরি করেছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী/ছবি: জাগো নিউজ
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী/ছবি: জাগো নিউজ

 

রিজভীর ভাষায়, ‘একটি রাজনৈতিক দল যখন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে নতুন সংকট তৈরির চেষ্টা করে এবং গণতান্ত্রিক শক্তির ঐক্যকে খাটো করে দেখে, তখন ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের পথই সুগম হয়। আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের শিকার পুরো জাতি, অথচ সেই শক্তির বিষয়ে তাদের এমন অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে অর্থ ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে পলাতক আওয়ামী লীগ চক্র। এমন পরিস্থিতিতে কোনো দল যদি মূল রাজনৈতিক ধারা থেকে সরে গিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে, তবে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

 

রিজভীর বক্তব্যে বিএনপির অভিযোগের মূল যুক্তি উঠে এসেছে। দলটির দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতের কিছু বক্তব্য ও রাজনৈতিক অবস্থান দলটির সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে সন্দেহ তৈরি করেছে। তবে জামায়াতের নেতারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলছেন, আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো গোপন রাজনৈতিক সমঝোতা নেই।

জামায়াতের পাল্টা অভিযোগ, বিএনপিই আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছে

বিএনপির অভিযোগের জবাবে জামায়াতও পাল্টা অবস্থান নিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি সরকারই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি করছে।

সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যে রাজনৈতিক এই অবিশ্বাস আরও স্পষ্ট হয়েছে। রিজভীর অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের অতীত ও সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান জনমনে সন্দেহ তৈরি করেছে। অন্যদিকে গোলাম পরওয়ারের দাবি, দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি সরকার।

গত ২০ অক্টোবর ঢাকায় এক সংবাদ সম্মেলনে পরওয়ার অভিযোগ করেন, বিএনপি সরকার বিরোধীদের দাবি উপেক্ষা করছে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পরিবেশ তৈরি করছে।

পরদিন ২১ অক্টোবর রাজধানীর তোপখানা রোডে ১১ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বিএনপির বিরুদ্ধে আরও সরাসরি অভিযোগ তোলেন।

 

সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার/ফাইল ছবি
 
সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার/ফাইল ছবি

 

গোলাম পরওয়ার বলেন, দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ক্ষমতাসীন বিএনপি। তার ভাষায়, ‘তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে।’

 

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলের গোয়েন্দা বাহিনীর তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগ আমলে গুম-খুনের সঙ্গে জড়িত গোয়েন্দা বাহিনীর সদস্যদের দিয়েই বর্তমান সরকার কাজ চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

পরওয়ারের অভিযোগ, বিএনপি তাদের ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে। সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হচ্ছে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটি এখন আর শুধু দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা কিংবা রাজনীতিতে ফেরার সম্ভাবনার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে পড়েছে বিএনপি-জামায়াতের সম্পর্ক, জুলাই অভ্যুত্থানের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ।

অর্থাৎ বিএনপির অভিযোগ, জামায়াত আওয়ামী লীগের সঙ্গে বোঝাপড়া করছে। অন্যদিকে জামায়াতের পাল্টা বক্তব্য, বিএনপি নিজেই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ তৈরি করছে।

শফিকুর রহমানের পাল্টা প্রশ্ন, বিএনপি কি আওয়ামী লীগের ভোট চায়নি?

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও আওয়ামী লীগের সঙ্গে জোট বা সমঝোতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

 

গত ২৫ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের জোট হচ্ছে—এমন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার রাজনৈতিক বয়ান।

একই অনুষ্ঠানে বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, নির্বাচনের সময় বিএনপি পরোক্ষভাবে আওয়ামী লীগের ভোট চেয়েছিল। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিএনপি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে জামায়াত আমিরের এসব অভিযোগের পক্ষেও প্রকাশ্যে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপনের বিষয়টি স্পষ্ট নয়।

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগে নতুন বিতর্ক

বিএনপি-জামায়াতের পারস্পরিক সন্দেহের মধ্যে নতুন মাত্রা যোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁন।

 

গত ২৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি দাবি করেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, দলটির নেতা এটিএম মাসুমসহ কয়েকজন নেতা ঢাকার বারিধারায় ভারতের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন।

রাশেদ খাঁন প্রথমে বৈঠকের তারিখ ১৬ অক্টোবর উল্লেখ করেন। পরে পোস্ট সংশোধন করে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যার পর বৈঠক হয়েছে বলে দাবি করেন। তিনি বৈঠকের তথ্যকে শতভাগ সত্য বলেও উল্লেখ করেন।

তবে জামায়াতের পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। দলটির প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল নেতা আহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

জামায়াতের দাবি, ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গোলাম পরওয়ার বিএনপির এক নেতার বাসায় বিজিএমইএ-সংক্রান্ত বৈঠকে ছিলেন। পরে তিনি সংবাদ সম্মেলনেও অংশ নেন। দলটি রাশেদ খাঁনকে অভিযোগের প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছে।

এনসিপির অভিযোগ, বিএনপি-ভারত সমঝোতার রাজনীতি

বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগের বাইরে এনসিপির নেতারাও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিএনপির অবস্থানকে সন্দেহের চোখে দেখছেন।

 

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম গত ২৫ অক্টোবর ঢাকার মিরপুরে এক কর্মসূচিতে অভিযোগ করেন, বিএনপি ভারতের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে ক্ষমতায় এসেছে। তার দাবি, ভারতকে সন্তুষ্ট রাখতে বিএনপি জুলাই অভ্যুত্থানের সময় তৈরি হওয়া রাজনৈতিক ঐক্য থেকে সরে আসছে।

‘বিএনপি ও জামায়াত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তি। বিএনপি সরকার গঠন করেছে, আর জামায়াত এখন বিরোধী দলে। সংসদীয় রীতিতে সরকারের কার্যক্রমে জামায়াত বিরোধিতা করবে, এটা স্বাভাবিক।’—রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে আওয়ামী লীগের অতীত শাসনামলের সংসদগুলোর বৈধতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। তার বক্তব্য, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে আওয়ামী লীগের অতীত শাসনব্যবস্থার রাজনৈতিক বৈধতা নিয়ে বিতর্ক আরও বাড়বে।

 

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম/ফাইল ছবি
 
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম/ফাইল ছবি

 

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও এর আগে অভিযোগ করেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার স্বার্থে বিএনপি জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক ঐক্য ভেঙে দিচ্ছে। দলটির অন্য নেতারাও বিএনপির একটি অংশের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ থাকার অভিযোগ তুলেছেন।

 

তবে বিএনপি এসব অভিযোগের সঙ্গে একমত নয়। আওয়ামী লীগ কিংবা ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগের পক্ষে এনসিপির নেতারাও প্রকাশ্যে সুনির্দিষ্ট প্রমাণ হাজির করেছেন—এমন তথ্য পাওয়া যায়নি।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থান

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থানও এই বিতর্কের গুরুত্বপূর্ণ অংশ। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১২ মে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। পরে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে নিষেধাজ্ঞার আইনি ভিত্তি বহাল রাখা হয়। বিএনপি সরকারও দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ১৫ জুলাই বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশাসনিক আদেশে নয়, বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। তার বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সন্ত্রাসবিরোধী আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই দলটির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।

অন্যদিকে ৩ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সরকার মনে করে না যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এখন দেশে কার্যক্রম পরিচালনার সক্ষমতা রাখে। তবে দলটির অর্থসম্পদ ব্যবহার করে বিভিন্ন স্থানে নাশকতা বা অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অর্থাৎ সরকারের প্রকাশ্য অবস্থান হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং দলটির রাজনৈতিক ভবিষ্যৎ আইন ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে দলটির সম্ভাব্য তৎপরতা নিয়ে সরকারের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগও রয়েছে।

অতীতের রাজনৈতিক সম্পর্ক কেন আলোচনায়?

আওয়ামী লীগ ও জামায়াতের সম্পর্কের প্রশ্নে দুই দলের নেতারা অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহ সামনে আনছেন। বিএনপি নেতারা ১৯৮৬ সালের নির্বাচন এবং এরশাদবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ ও জামায়াতের একসঙ্গে থাকার প্রসঙ্গ তুলছেন।

 

অন্যদিকে জামায়াত নেতারা আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নেতাদের ওপর নির্যাতন, মামলা, গ্রেফতার ও বিচারপ্রক্রিয়ার কথা উল্লেখ করে বর্তমান সমঝোতার অভিযোগ প্রত্যাখ্যান করছেন।

তবে অতীতের কোনো রাজনৈতিক সহযোগিতা বা যোগাযোগের কারণে বর্তমানেও গোপন সমঝোতা রয়েছে—এমন সিদ্ধান্তের স্বয়ংক্রিয় প্রমাণ নয়। একইভাবে অতীতে নির্যাতনের শিকার হওয়ার বিষয়টিও বর্তমান রাজনৈতিক যোগাযোগের অভিযোগকে এককভাবে নিষ্পত্তি করে না।

এ কারণে দুই পক্ষের অভিযোগ যাচাই করতে হলে বর্তমান যোগাযোগ, বৈঠক, রাজনৈতিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট নথি সামনে আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিএনপি-জামায়াতের অবিশ্বাসে লাভ কার?

আওয়ামী লীগকে ঘিরে বিএনপি ও জামায়াতের সন্দেহ ক্রমেই গভীর হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন জাগো নিউজকে বলেন, বিএনপি ও জামায়াত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তি। বিএনপি সরকার গঠন করেছে, আর জামায়াত এখন বিরোধী দলে। সংসদীয় রীতিতে সরকারের কার্যক্রমে জামায়াত বিরোধিতা করবে, এটা স্বাভাবিক।

 

তবে দুই দলকেই দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বিএনপির আওয়ামী লীগ সাজা উচিত হবে না। আবার জামায়াতেরও দায়িত্বজ্ঞানহীন হওয়া উচিত হবে না। বিএনপি-জামায়াত পরস্পরকে শত্রু মনে করলে এক্ষেত্রে আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হবে।’

বিশ্লেষকের এই বক্তব্যে বিএনপি ও জামায়াতের বর্তমান রাজনৈতিক বিরোধের সম্ভাব্য পরিণতির বিষয়টি সামনে এসেছে। সংসদীয় রাজনীতিতে বিরোধিতা স্বাভাবিক হলেও পারস্পরিক অবিশ্বাস ও সংঘাত যদি রাজনৈতিক ঐক্যকে দুর্বল করে, তাহলে তার সুযোগ নিতে পারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ—এমন আশঙ্কাও রয়েছে।

সব মিলিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির অবস্থান এখন পরস্পরবিরোধী। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলছে। তবে এসব অভিযোগের পক্ষে প্রকাশ্যে যাচাইযোগ্য প্রমাণের ঘাটতি রয়েছে। ফলে রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগের বাইরে বাস্তব কোনো যোগাযোগ বা সমঝোতা আছে কি না, তা নির্ধারণে প্রয়োজন নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণ।