Image description

ডিসেম্বর মাসকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে বিবেচনা করছে সরকার।

এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছে সরকার। সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে সরকার ও প্রশাসন কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।

একই সঙ্গে রাজনৈতিকভাবে এসব পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বর পর্যন্ত রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। দলটির মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোও পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামছে। অন্যদিকে, নাশকতায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সদস্যসহ বিএনপি দলীয় সংসদ সদস্যরাও নিজ এলাকায় থেকে নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে থাকবেন। গত ৯ নভেম্বর শুরু হওয়া সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে।

অধিবেশন শেষ হওয়ার পর দলীয় এমপিদের সবাইকে নিজ নিজ নির্বাচনি আসনে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

৯ নভেম্বর অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে সংসদনেতা তারেক রহমান বলেছেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথে আমরা থাকবো। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার।’ দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বিএনপিপ্রধান এ-ও বলেছেন, ‘বিপ্লব ও সংহতি দিবসে আমরা ৭ নভেম্বর রাজপথে ছিলাম। সামনের দিনগুলোতেও আমরা রাজপথেই থাকবো। রাজপথ থেকে আমাদের কেউ সরাতে পারবে না। আপনারাও রাজপথে থাকবেন, যে কোনো ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন।’

মহান বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপির বিশাল র‌্যালিকে ‘বার্তা’ হিসেবে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেন, ‘যদিও প্রতি বছরই আমরা এ ধরনের র‌্যালি করে থাকি তারপরেও বলবো চলমান প্রেক্ষাপটে এ ধরনের বিশাল র‌্যালি অবশ্যই একটি বার্তা। বিএনপি রাজপথে ছিল, আছে, থাকবে। অতীতের মতো সামনের দিনগুলোতে জনগণকে নিয়ে যে কোনো ধরনের নৈরাজ্য রুখে দেবে বিএনপি।’

দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে জননিরপত্তা নিশ্চিতে ও নাশকতা প্রতিরোধে ইতিমধ্যেই ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি এবং যুবদল ও ছাত্রদলসহ দলটির অঙ্গ-সহযোগী-ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো। ‘সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে’ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।

যুবদলের এই বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে। সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে।’

গতকাল বিকালে রাজধানীর ফার্মগেট হয়ে কাওরান বাজার এলাকায়ও যুবদল-ছাত্রদলকে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। বিএনপির নেতাকর্মীরা সারা দেশেই কয়েক দিন ধরে নিয়মিতভাবে এ ধরনের বিক্ষোভ মিছিল করছেন। অন্যদিকে, নাশকতার সঙ্গে সম্পৃক্ত কিংবা সন্দেহভাজনদের ধরার ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

নাশকতা ও অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে বিএনপির মিত্র দল-জোটগুলোও কর্মসূচি দিয়ে মাঠে নামছে। ‘১২ দলীয় জোট’ রোববার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে। আর ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, ‘সন্ত্রাস, জ্বালাও-পোড়াওর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সামনের দিনগুলোতে বিএনপির সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।’