ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা আপাতত প্রায় অসম্ভব। বাতিল হওয়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় এবং ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক জটিলতা— সব মিলিয়ে তার প্রত্যাবর্তনের পথ অত্যন্ত কঠিন বলে মনে করছেন রাজনৈতিক ও আইন বিশ্লেষকরা। তবে শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এ ঘোষণা কেন্দ্র করে বিজয়ের মাসে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলীয় প্রধানের দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক পুনর্বাসনের চেয়ে ‘মর্যাদার প্রশ্ন’ হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে এ ইস্যু পুঁজি করে সাংগঠনিকভাবে কর্মীদের চাঙ্গা রাখা, দেশের ভেতরে নিজেদের অস্তিত্ব ও শক্তির জানান দেওয়া এবং আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করতে চান দলটির নীতিনির্ধারকরা।
আওয়ামী লীগের বিভিন্ন সূত্র বলছে, ডিসেম্বরকে দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ মাসে বিজয় দিবসসহ কয়েকটি ঐতিহাসিক দিন কেন্দ্র করে দেশে ও বিদেশে নানা কর্মসূচির পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে অনলাইন প্রচারণা, ভার্চুয়াল বৈঠক, ঝটিকা মিছিল, সমাবেশ এবং প্রবাসী নেতাকর্মীদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও প্রভাবশালী দেশগুলোর কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে কূটনৈতিক চাপ তৈরির চেষ্টাও থাকবে। দলটির লক্ষ্য, শেখ হাসিনার দেশে ফেরার ইস্যু সামনে রেখে রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের উপস্থিতি জানান দেওয়া।
সম্প্রতি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ব্রিটিশ একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাসিত নেতারা এটিকে নেত্রীর দেশে ফেরার দৃঢ় সংকল্পের প্রমাণ হিসেবে প্রচার করছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ উদ্যোগের রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক গুরুত্বই বেশি। কারণ, অন্তর্বর্তী সরকারের সময়ে বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি পুনরায় পাওয়ার বিষয়টি যেমন জটিল, তেমনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় এবং প্রত্যর্পণ প্রক্রিয়ার বিষয়টিও তার প্রত্যাবর্তনের পথে বড় বাধা।
বাংলাদেশ সরকার পাসপোর্ট ও এনআইডি ইস্যুর দাবি নাকচ করে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছে। অন্যদিকে, ভারতে অবস্থানরত সাবেক এ প্রধানমন্ত্রীর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির সরকারও। তার প্রত্যর্পণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ভ্রমণ নথির বিষয়ে তিনি বললেন, ভ্রমণের জন্য ব্যক্তির বৈধ ভ্রমণ নথি প্রয়োজন। এ বিষয়ে সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরে জানানো হবে।
বিশ্লেষকদের মতে, পাসপোর্ট বাতিল, এনআইডি-সংক্রান্ত জটিলতা এবং মৃত্যুদণ্ডের রায়ের কারণে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার দেশে ফেরা সহজ নয়। ফলে তার ফেরার ঘোষণা মূলত দীর্ঘদিন ধরে ছত্রভঙ্গ হয়ে থাকা নেতাকর্মীদের মধ্যে আশার সঞ্চার এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম সচল রাখার একটি কৌশল হতে পারে।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ডিসেম্বর ঘিরে বহুমুখী কৌশলের অংশ হিসেবেই পাসপোর্ট ও এনআইডির বিষয়টি সামনে আনা হয়েছে। দলটির নেতাদের ভাষ্য, এই আবেদন রাজনৈতিকভাবে তাদের পক্ষে গেছে। কারণ, শেখ হাসিনা দেশে ফিরতে চান, এটি তারই প্রমাণ। কিন্তু সরকার তার ফেরাকে ভয় পায় বলেই পাসপোর্ট ও এনআইডি দিতে অস্বীকৃতি জানিয়েছে— এমন বক্তব্য আন্তর্জাতিক পরিসরেও তুলে ধরার চেষ্টা চলছে।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় তিনজন নেতা জানিয়েছেন, শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারলেও ডিসেম্বরকে একটি রাজনৈতিক বাঁকবদলের সময় হিসেবে বিবেচনা করছেন দলের নীতিনির্ধারকরা। কেন্দ্রীয় শীর্ষ নেতাদের অধিকাংশ কারাগারে, আত্মগোপনে কিংবা বিদেশে থাকায় আধুনিক প্রযুক্তিকে সাংগঠনিক যোগাযোগের প্রধান হাতিয়ার করা হচ্ছে। এরই মধ্যে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে শতাধিক আসনের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক করেছেন শেখ হাসিনা। ডিসেম্বর মাসে এ ভার্চুয়াল যোগাযোগ আরও বাড়িয়ে সরাসরি নির্দেশনার মাধ্যমে কর্মীদের সক্রিয় রাখার পরিকল্পনা রয়েছে।
একজন নেতা জানিয়েছেন, পরিচিত মুখগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকায় মাঠপর্যায়ে সাংগঠনিক কাঠামো সচল রাখতে তুলনামূলক অপরিচিত ও তরুণ কর্মীদের সমন্বয়ে বিকল্প নেতৃত্ব তৈরির চেষ্টা চলছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসসহ ঐতিহাসিক দিনগুলোকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, অবরোধ এবং অনলাইন প্রচারণার পরিকল্পনা রয়েছে দলটির সহযোগী সংগঠনগুলোর। এসব কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কাও করছেন গোয়েন্দা-সংশ্লিষ্টরা। সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ কর্মসূচি কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দলটির কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতে থাকা প্রবাসী নেতাকর্মীদের নিয়ে বড় সমাবেশ এবং সেমিনারের আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্র থেকে কয়েকজন নেতাকর্মী দলীয় প্রধানের সঙ্গে বৈঠক করতে এরই মধ্যে ভারতে গেছেন বলে খবর পাওয়া গেছে। অন্য দেশ থেকেও প্রবাসী নেতাকর্মীরা ভারতে যাওয়ার ঘোষণা দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও প্রভাবশালী দেশগুলোর কাছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে কূটনৈতিক চাপ তৈরির চেষ্টা অব্যাহত রাখবে দলটি। এজন্য আন্তর্জাতিক সংস্থা ও লবিস্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এর মাধ্যমে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার ধারণা জোরালো করতে চায় আওয়ামী লীগ।
এর আগে ভারতে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের একটি ফোরামের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। সেখানে সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি। ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ভারতের কাছে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বাংলাদেশ সরকার।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য জানিয়েছেন, পাসপোর্ট বা এনআইডি নবায়নের আবেদন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, রাজনৈতিকভাবেও এর গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে শেখ হাসিনা দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া চালু রাখতে চান— এমন বার্তা দেওয়া হচ্ছে। তার ভাষ্য, সরকার পাসপোর্ট ও এনআইডি না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইনি ফোরামে এসব বিষয় তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিসেম্বর মাসে শেখ হাসিনার সশরীরে দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ হলেও তার ফেরার ঘোষণা কেন্দ্র করে রাজপথ ও অনলাইনে নিজেদের সর্বোচ্চ শক্তি প্রদর্শনের চেষ্টা করবে আওয়ামী লীগ। তবে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকা, শীর্ষ নেতাদের অনুপস্থিতি এবং মাঠপর্যায়ে সাংগঠনিক দুর্বলতার কারণে এসব কর্মসূচি কতটা দৃশ্যমান হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ আগামীর সময়কে বলেছেন, ‘আবহাওয়াসহ নানা কারণে ডিসেম্বর মাসে আমাদের দেশে রাজনৈতিক কর্মসূচি একটু বেশি থাকে। বিশেষ করে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে সব দলেরই নানা প্রস্তুতি থাকে। আর আওয়ামী লীগের রাজনীতি যেহেতু মুক্তিযুদ্ধকেন্দ্রিক, সেজন্য তারা বিজয় দিবস ইস্যুতে হাইপ তৈরি করে এবং এবারও চেষ্টা করবে। তবে দলটির কার্যক্রম আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ এবং সিনিয়র অনেক নেতা দেশের বাইরে পলাতক থাকায় এবার তা কতটুকু দৃশ্যমান হবে, সেটি অনিশ্চিত।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বললেন, ‘দেশের বাইরে অবস্থান করে দলীয় নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে এবং সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে রাজনৈতিক নেতারা সাধারণত বহুমুখী কৌশল অবলম্বন করে থাকেন। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনও সেই কৌশলের অংশ। আসলে রাজনীতি, কূটনীতি, আইনি জটিলতাসহ নানা কারণে শেখ হাসিনার আপাতত দেশে ফেরা হচ্ছে না। তবে তার ফেরার ইস্যুতে দেশের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে ডিসেম্বর সামনে রেখে তারা দেশে অস্থিরতা ও নাশকতা তৈরি করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চান। এ ধরনের কৌশল মূলত কর্মীদের বিভ্রান্ত করা বা নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার প্রচেষ্টা মাত্র। মাঠপর্যায়ের বাস্তবতায় তা জনমনে খুব একটা প্রভাব ফেলতে পারবে না।’