Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও জোরালো আওয়াজ ওঠে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের সামগ্রিক ব্যর্থতা ও আইনশৃঙ্খলার অবনতি দেখছে বিরোধীদল। তবে সরকার বলছে, সন্ত্রাসী ও নাশকতাকারীরা ন্যূনতম ছাড় পাবে না। সরকার কঠোরভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলা করবে।

 

তবে রাজনীতিবিদরা বলছেন, পারস্পরিক কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। পূর্ণশক্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক নুসরাত তাবাসসুমের পাশে আছেন বলেও জানান তারা।

 

বুধবার রাতে নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের পর এশিয়া পোস্টকে নুসরাত তাবাসসুম জানিয়েছেন, রাজনৈতিক কারণে এ হামলা চালানো হয়েছে।

 

পরে ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি জানান, এই অগ্নিসংযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরই কাজ বলে তিনি মনে করেন। ‘আগুনের পথ’ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবেন বলেও জানান নুসরাত।

 

এদিকে, নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে একটি ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

 

শফিকুর রহমান বলেন, ‘সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’

 

এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য করে পতিত সন্ত্রাসী স্বৈরাচারী শক্তি বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে।

 

নাহিদ তার পোস্টে আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের কোনো রাজনৈতিক শক্তি নয়। দিল্লির আশ্রয়ে প্রশ্রয়ে পতিত শক্তি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে। দেশের ভেতরে নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।

 

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিষয়টি সংসদে উত্থাপন করে বৃহস্পতিবার জাতীয় সংসদে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট হবেন বিএনপি। আমাদের পরিবার আক্রান্ত হলে ফ্যাসিবাদী শক্তির হাতে তাদের পরিবারও আক্রান্ত হবে।’

 

অন্যদিকে, নুসরাত তাবাসসুমকে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা আখ্যা দিয়ে এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী গণ-অভ্যুত্থান দমনের উদ্দেশ্যে তাকে তুলে নিয়ে নির্যাতন করেছিল। কিন্তু ভয়ভীতি ও নির্যাতন উপেক্ষা করে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের এমন একজন সম্মুখসারির যোদ্ধা ও সংসদ সদস্যের বাড়িতে এই হামলা অত্যন্ত উদ্বেগজনক, ন্যক্কারজনক ও কাপুরুষোচিত।

 

এশিয়া পোস্টকে তিনি বলেন, এটি শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। একজন সংসদ সদস্যের বাড়িতেই যদি এমন নৃশংস হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এ ঘটনা প্রমাণ করে, সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানে সম্পৃক্ত যে কারও ওপর হামলা, বাড়িঘর আগুনসহ আওয়ামী দুর্বৃত্তদের যে-কোনো নাশকতাকে শক্তভাবে মোকাবিলা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে রাশেদ খাঁন লিখেছেন, রাস্তা থেকে বাড়িটি লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

 

শীঘ্রই অগ্নিসন্ত্রাসের সাথে সম্পৃক্ত আওয়ামী দুর্বৃত্তরা গ্রেপ্তার হবে উল্লেখ করে তিনি বলেন, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসীরা ন্যূনতম ছাড় পাবে না, ইনশাআল্লাহ। আওয়ামী অপশক্তিকে মোকাবিলা করতে সরকারের পাশাপাশি গণ-অভ্যুত্থানের শক্তি সমূহকেও সজাগ থাকতে হবে।

 

এদিকে, বোমা হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। এশিয়া পোস্টকে তিনি বলেন, এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা শুধু একজন জনপ্রতিনিধির নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং দেশের গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহনশীলতা ও নাগরিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

 

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ সকল রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিকে পারস্পরিক বিভেদ, মতপার্থক্য ও কাদা ছোঁড়াছুঁড়ি ভুলে অবিলম্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বিভক্তি নয়, ঐক্যই হোক অপশক্তির বিরুদ্ধে আমাদের প্রধান হাতিয়ার।

 

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ ও ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিব আল ইসলামকে চাপাতি দিয়ে হামলার ঘটনায় ‘জুলাই নেতৃত্বকে সব পক্ষ অরক্ষিত রেখেছে’ বলে অভিযোগ করেছেন এনসিপির সাবেক নেত্রী শামান্তা শারমিন। বৃহস্পতিবার রাতে এশিয়া পোস্টকে তিনি বলেন, জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল, প্রধান বিরোধীদল সকলেই হাত মুছে ফেলেছে।

 

তিনি আরও বলেন, নুসরাতের বাড়িকে, ওদের আদরের ‘তারা’কে পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। সংসদ সদস্য বা এনসিপি নেতা হওয়ার জন্য নয়, বরং জুলাইয়ের সমন্বয়ক বলেই নুসরাত বা হাসিবদের ওপর হামলা করা হয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে জুলাই রক্ষায় বর্তমান সংসদের প্রয়োজনীয়তা বা কার্যকারিতা আছে কি না তা এখন প্রমাণ করতে হবে।

 

এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে জুলাইয়ের ন্যায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, গত ১০ নভেম্বর শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবের উপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ। গত রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

 

তিনি বলেন, নেতারা বিদেশে পলাতক থাকলেও সেখান থেকে অর্থের জোগান দিচ্ছে। সেই অর্থের বিনিময়ে এসব অপকর্ম করে বেড়াচ্ছে কিছু মানুষ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই রাজপথে নেমেছিল। নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে জুলাইয়ের ন্যায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগ আমাদের কমন শত্রু।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান পারস্পরিক কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা। আমার বোন, আমাদের সহযোদ্ধা। আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। যাদের হাতে আমাদের হাজারো ভাইবোনের তাজা রক্ত, আমরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই ফাংশন করতে দেব না।