বিদ্যুৎ ও গ্যাস সংকট, লোডশেডিং, ভুতুড়ে বিল এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ব্যঙ্গাত্মক গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চ আয়োজিত 'মেহফিল-এ-ইনকিলাব' অনুষ্ঠানে গান পরিবেশনের মাধ্যমে এসব বিষয়ে প্রতিবাদ জানান তিনি।
গানে বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি, লোডশেডিং ও ভুতুড়ে বিলের বিষয় তুলে ধরে সরকারের সমালোচনা করেন আম্মার। এ সময় তিনি গান গেয়ে শোনান, ‘মন্ত্রীর মুখে বিদ্যুৎ থাকে আর থাকে তারে, ভুতুড়ে বিল দিয়ে লোডশেডিং বাড়ে।’
গানের ফাঁকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমরা বিদ্যুৎ দুই জায়গায় পাই। একটা হচ্ছে বিদ্যুৎমন্ত্রী টুকু সাহেবের মুখে, আরেকটা কারেন্টের তারে।’
অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো আঞ্চলিক গান পরিবেশন করে। সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীত নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। এ ছাড়া বিভিন্ন পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।