Image description

জনগণের ভাগ্য পরিবর্তনের কোনো সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া যারা কেবল ‘একদফা, একদফা’ বলে আওয়াজ তুলছে, তাদের সাধারণ মানুষের কল্যাণে কোনো বাস্তব কর্মসূচি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে একটি পক্ষ পরিকল্পিতভাবে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা গণমাধ্যমে ‘একদফা, একদফা’ বলে মাঠ গরম করার চেষ্টা করছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আজকে যারা একদফা-একদফা শুরু করেছে, তাদের কি ফ্যামিলি কার্ড কর্মসূচি আছে? তাদের কি খাল কাটা বা নদী খনন কর্মসূচি আছে? তাদের কি বৃক্ষরোপণ কিংবা কৃষক কার্ড কর্মসূচি আছে? তাদের দলের কর্মসূচির মধ্যে কি ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর কোনো ব্যবস্থা আছে? তাদের কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৫০ থেকে ১৫০ বেডে উন্নীত করার কর্মসূচি আছে? তাহলে তারা কিসের রাজনীতি করে?”

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব ও রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তাদের কাছে মানুষের ভাগ্য পরিবর্তনের কার্যকর পরিকল্পনা থাকে। বিএনপি কেবল ফাঁকা বুলি দেয় না, যা অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে দেখিয়ে দেয়। সরকার নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড এবং আলেম-ওলামাদের জন্য নিয়মিত সম্মানীর মতো যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরায় চালু করে সেচ সুবিধা নিশ্চিত ও বন্যা প্রতিরোধের টেকসই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তারেক রহমান সতর্ক করে দিয়ে বলেন, বিগত ১৭ বছর যারা জনগণের ওপর স্বৈরশাসন চালিয়ে ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই শক্তি ও নেপথ্যের ‘গুপ্ত’ মহল আজ আবার একজোট হয়েছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলমান জনকল্যাণমুখী সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায়।

তিনি দেশবাসীকে এই সুযোগসন্ধানী ও ষড়যন্ত্রকারী মহলের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনে গঠিত এই সরকার সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।