কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন বললেন, ‘আওয়ামী লীগ করার অপরাধে যদি ফাঁসিও হয়, আমরা আওয়ামী লীগ করব। জেল কত খাটাবেন। আমরা রাজনীতি করেছি, কোনও হত্যার সঙ্গে সম্পৃক্ত না। আমরা কোনও অন্যায় করিনি।’
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে প্রিজন ভ্যাজে কারাগারে পাঠানোর সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, ‘আমরা সন্ত্রাসী কার্যক্রম করিনি। কোনও দুর্নীতির সঙ্গে জড়িত না। শুধু রাজনীতি করেছি। প্রধানমন্ত্রী বলছেন- যারা নিরপরাধ তাদের ছেড়ে দেওয়া হবে। আমরা রাজনীতি করে তো অপরাধ করিনি।’
এদিন রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। এজন্য কারাগারে আটক আসামি সাবিনাসহ ১৭ জনকে আদালতে হাজির করা হয়। তবে বিচারক না থাকায় শুনানি হয়নি। পরে শুনানি পিছিয়ে আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করা হয়।
এর আগে ২০২৫ সালের ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাবার বাড়ি থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ এরপর তিনি কারাগারে আটক রয়েছেন