খুলনার কয়রা উপজেলায় শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল গফফার সানা নামের এক কর্মী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান।
পদত্যাগকারী আব্দুল গফফার সানা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গীলাবাড়ি গ্রামের মৃত মানিক সানার ছেলে।
লিখিত বক্তব্যে আব্দুল গফফার সানা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সীমাবদ্ধতা এবং বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সে কারণেই তিনি সম্পূর্ণ নিজ ইচ্ছায় দলীয় রাজনীতির সঙ্গে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, আমি আওয়ামী লীগের সমর্থক ও কর্মী হিসেবে দীর্ঘদিন যুক্ত থাকলেও দলের কোনো প্রাতিষ্ঠানিক পদে দায়িত্ব পালন করিনি। বর্তমানে বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিক চলাচলাই কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় কোনো রাজনৈতিক দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্ভব নয় বলেই এ পদত্যাগ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না এবং সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করবেন। বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।