Image description

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যখন তেল-গ্যাস-বিদ্যুৎ সংকটের কথা বলি, সরকার তখন স্বৈরাচার ফিরে আসবে বলে ভয়ভীতি দেখায়। আমরা সংসদে বিরোধী দলের পক্ষ থেকে এই সংকট সমাধানে টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে গঠিত একটা টিম দিয়ে সহযোগিতা করতে চেয়েছিলাম। সরকার আমাদের প্রস্তাব গ্রহণ করেনি। সংসদের ভেতরে বারবার বলেও কিছু করতে না পেরে আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি। 

গতকাল শনিবার সকালে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের লংমার্চ নিয়ে অনেক কথা হচ্ছে। বলা হয়, তেল সংকটের মধ্যে আমরা এত গাড়ি নিয়ে কেন লংমার্চ করছি? আমরা লংমার্চ না করলেও এসব গাড়ি বসে থাকত না। তারা চলাচল করত। বরং আমরা লংমার্চের মাধ্যমে জনগণের দাবি আদায়ের আন্দোলন করছি। 

 

‘দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই’
টাঙ্গাইল প্রতিনিধি জানান, গতকাল বিকেলে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে জেলার দায়িত্বশীল সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। জনগণের অধিকার আদায়ে বিরোধী দলকে চৌকিদার ও ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হয়। দেশের যেখানে অসংগতি দেখা যাবে, সেখানেই তারা কথা বলবেন।