Image description

সিরাজগঞ্জে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় মো. মিন্টু শেখ নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে শহরের মতি সাহেবের ঘাট এলাকায় সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মিন্টু শেখ। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

নোটিশে উল্লেখ করা হয়, বিএনপির দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান প্রদান করায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে হবে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ তথ্যটি নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিন্টু শেখের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটি ভাইরাল হয়। বিষয়টি নজরে এলে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।