দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল ইসলাম গতকাল শনিবার রাতে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। পরে রাতেই তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, রাকিবুল হাসান একটি রাজনৈতিক মামলায় গত ২২ জুন গ্রেপ্তার হয়ে কারাগারে যান। গতকাল দুপুরে তাঁর বাবা আবুল কালাম আজাদ শহরের হাজীপাড়া মহল্লায় তাঁর নিজ বাড়িতে মারা যান। তাঁর জানাজায় ও দাফনে অংশগ্রহণের সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়।
আবেদন মঞ্জুর করলে পুলিশি পাহারায় রাকিবুল হাসানকে রাত আটটার দিকে শহরের বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজায় নিয়ে আসা হয়। সেখানে তিনি বাবার মরদেহ স্পর্শ করে কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে তিনি স্থানীয় কবরস্থানে বাবার দাফনে অংশ নেন। এরপর তাঁকে পুলিশ পাহারায় নাটোর কারাগারে পাঠানো হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দাফনের কাজ শেষ হওয়ার পর রাত ১০টার দিকে পুলিশি পাহারায় রাকিবুল ইসলামকে নাটোর কারাগারে ফেরত নিয়ে আসা হয়।