Image description

পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ে জাতীয়তাবাদী নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। এই অবদান স্বীকার করেই স্বাধীনতা-পরবর্তী তাঁর শাসনামলের নির্মোহ মূল্যায়ন করা জরুরি। ইতিহাসের প্রতি সত্যনিষ্ঠ থাকলেই অতীতের রাজনৈতিক ভুল ও বিপর্যয় থেকে শিক্ষা নেওয়া সম্ভব।

গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ৫১তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ, ডা. দিবালোক সিংহ, মঞ্জুর মঈন প্রমুখ। 

 

নেতারা বলেন, জাতীয়তাবাদী ধারার প্রধান ও অবিসংবাদিত সম্মোহনী নেতা হিসেবেই বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠিত করেন। একই সময়ে কমিউনিস্ট পার্টিসহ প্রগতিশীল ও দেশপ্রেমিক শক্তি যার যার অবস্থান থেকে সর্বাত্মক সংগ্রাম ও অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে অংশগ্রহণ করে। তবে মুক্তিযুদ্ধের পর জনগণের মধ্যে যে গণতান্ত্রিক ও প্রগতিশীল রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি।

তারা বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো এবং নিহতদের স্মরণ করা ঐতিহাসিক কারণেই জরুরি। সিপিবি সে সময় এবং আজও রাজনৈতিক হত্যাকাণ্ড, সামরিক হস্তক্ষেপ ও অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রেখেছে। 
সকল রাজনৈতিক হত্যাকাণ্ডে দায়ীদের বিচার এবং প্রকাশ্য ও নেপথ্যের সব শক্তিকে যথাযথভাবে চিহ্নিত করার আহ্বান জানিয়ে নেতারা বলেন, ইতিহাস বিকৃতি ও দলীয় রাজনৈতিক বয়ানের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণের সংগ্রামে সকলকে সামিল হতে হবে। শাসকগোষ্ঠীর জুলুম, সাম্রাজ্যবাদ ও আঞ্চলিক আধিপত্যবাদী আগ্রাসন, সাম্প্রদায়িকতা, উগ্র ডানপন্থা, নারীবিদ্বেষ, মৌলবাদ এবং পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। এর মাধ্যমে শোষণমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।