Image description

বিএনপি সরকারের সাম্প্রতিক দুটি সিদ্ধান্তকে দলটির রাজনৈতিক চরিত্রের প্রতিফলন হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তাঁর অভিযোগ, ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি যে ৩১ দফা কর্মসূচিতে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা ও দলীয়করণের বাইরে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতির কোনো মূল্যই রাখছে না। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এই শিক্ষক। সেখানে তিনি বিএনপি সরকারের সাম্প্রতিক দুটি সিদ্ধান্ত তুলে ধরে সরকারের সমালোচনা করেন।

মির্জা গালিব বলেন, ‘এক, সরকার পিএসসিতে চারজন সদস্য নিয়োগ দিয়েছে গত ৬ তারিখ। পিএসসি একটি সাংবিধানিক সংস্থা। বিসিএসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষা এই সংস্থার মাধ্যমে হয়। বিএনপি তার ৩১ দফা কর্মসূচির ৯ম দফায় বলছে যে, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের উপরে উঠবে তারা, এবং স্বচ্ছতা মেইনটেইন করার জন্য সংসদীয় কমিটিতে শুনানির মাধ্যমে নিয়োগ হবে। ৩১ দফা কর্মসূচির এই ওয়াদা বিএনপি করছে ক্ষমতায় যাবার আগে, বিরোধী দলে থাকাকালীন। আর এখন সরকার গঠন করার পরে সেই সব ওয়াদার কোনো দাম আর তাদের নিজেদের কাছেই নাই।’

 ‘দুই, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দিতে চাচ্ছে সরকার। এই সব ম্যানেজিং কমিটিতে সরকারি দলের প্রভাবশালী নেতারাই থাকেন। কাজেই তাদের মর্জি অনুযায়ীই নিয়োগ হবে। মেধার ভিত্তিতে নিরপেক্ষভাবে নিয়োগের ক্ষেত্রে সরকারের কোনো আগ্রহ নাই।’

মির্জা গালিবের দাবি, এই দুটি সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি সরকারের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মকৌশল সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘এই দুইটা ঘটনা খুব স্পষ্টভাবে আমাদের বিএনপি সরকারের চরিত্র দেখায়ে দিচ্ছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন তো করবেই না, তার নিজের ৩১ দফাও বাস্তবায়ন করবে না। দলীয়করণ আর ক্ষমতা চর্চার যে পুরাতন রাজনীতি, তার বাইরে এক পাও বেরোনোর কোনো ইচ্ছা তাদের নাই।’

ফেসবুক পোস্টে তিনি বিএনপি সরকারের কর্মকাণ্ডের সঙ্গে অতীতের রাজনৈতিক পরিস্থিতির তুলনাও টানেন। মির্জা গালিব প্রশ্ন রাখেন, ‘মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব যেমন করে দেশটাকে বাকশালের দিকে নিয়ে গেছিলেন, জুলাইয়ের পরে তারেক রহমানও কি তেমনি ভাবে দেশটাকে পুরাতন নষ্ট রাজনীতির দিকেই নিয়ে যাবেন?’

তিনি আরও প্রশ্ন করেন, ‘হাসিনাতন্ত্রের এত লম্বা জুলুমের পরেও কি আবার উলটা দিকেই হাঁটবে বিএনপি?’

পোস্টের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা গালিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাদের ৩১ দফা কই? বাস্তবায়ন না করলে জুলাই জাদুঘরে একটা কপি রেখে দিয়েন প্লিজ!’