Image description

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, ‘অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কোনো টালবাহানা সহ্য করা হবে না। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। কিন্তু আপনারা গণভোটের রায় বাস্তবায়নে যে টালবাহানা করছেন, আমরা তা মেনে নেব না। জনগণের সাথে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এ দেশ ভারতীয় প্রেসক্রিপশনে চলবে না। দেশের জনগণ আর কোনো ধরনের ভারতীয় আধিপত্য মেনে নেবে না।’

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) চুয়াডাঙ্গা জেলা শাখা। শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় শহরের শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের আমীর আল্লামা মামুনুল হক।

সমাবেশ শেষে সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে দেশের চলমান রাজনৈতিক ও সংসদীয় পরিস্থিতি নিয়ে কথা বলেন আল্লামা মামুনুল হক। তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সংসদ চলতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করতে বাধ্য হব।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মদুল্লাহ বলেন, ‘বিএনপি গণভোট নিয়ে টালবাহানা করে জনগণের সাথে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লালসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

ছাত্র সংগঠনের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মুহাম্মদ শাহরিয়ার আলম। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন। শেষে সভাপতির বিশেষ মোনাজাতের মাধ্যমে নাগরিক সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।