Image description

জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়সল আহম্মেদকে ইয়াবাসহ গ্রেফতারের ছয় ঘন্টার মধ্যে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের নির্দেশনায় দফতর সম্পাদক মীর সোহান আহমেদের সই করা চিঠিতে এ ফয়সল আহম্মেদকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর জেলা শাখার সিদ্ধান্তে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সদস্য ও জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ কে উপজেলা ছাত্রদলের সদস্য পদ সহ ছাত্রদলের সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো।

জানা গেছে, ওইদিন বিকাল পাঁচটার দিকে ফয়সল আহম্মেদকে ৩০ পিস ইয়াবাসহ উপজেলার লক্ষীরচর ঘাট থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। ফয়সল আহম্মেদ সদর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন,
ফয়সল আহম্মেদের সঙ্গে নান্দিনা বাদাম বাড়ি এলাকার মুক্তারের ছেলে নাজমুলকেও গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।