Image description

জুলাই সনদের প্রতিশ্রুত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের মধ্যে নতুন করে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ইতিহাসে কোনো স্বৈরাচারী সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

শনিবার (১৮ জুলাই) চুয়াডাঙ্গার দর্শনা পৌর অডিটোরিয়ামে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুবায়ের বলেন, অতীতে দেশের মানুষ ভোটাধিকার হরণ, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার নানা ঘটনার সাক্ষী হয়েছে। একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।

তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের প্রতিটি ওয়ার্ডকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে হবে। আদর্শিক নেতৃত্ব, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের কল্যাণে নিবেদিত কার্যক্রমের মাধ্যমে জামায়াতকে মানুষের আস্থার সংগঠনে পরিণত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবু সাদেক এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।