নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে সিদ্ধিরগঞ্জে থানা পুলিশ। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে আরও ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। একই ঘটনায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাহ আলম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় উল্লেখ করা হয়, ২৬ জুন দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের মেৌচাক ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষদ্ধি ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গোপনে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং দেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিঘ্নিত করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রেলিপ্ত ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি উস্কানিমূলক পোস্টার জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য আসামিরা পালিয়ে যায়।
গ্রেফতাররা হল, সোহাগ, আনিস সরকার, সাব্বির হোসেন, আবির হোসেন, তন্ময়, ওয়ালিদ, মাহফুজ আলম, আবিদ, ইমতিয়াজ আহমেদ ইমন, তাওহিদ ইসলাম, রিয়াদ ও সোহেল।