Image description

দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, অতীতেও দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, কিন্তু জনগণ তা প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও জনগণ গণতন্ত্রবিরোধী কোনো উদ্যোগ মেনে নেবে না।

শনিবার (২৭ জুন) খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে খুলনা জেলা জামায়াতে ইসলামীর তারবিয়াতসহ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, দেশে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে হবে। যে রাজনৈতিক দল নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে, তারাই সুশাসন নিশ্চিত করতে সক্ষম। আমরা দেশ শাসন করতে চাই না, জনগণের সেবা করতে চাই।

 

সরকার ঘোষিত নতুন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব সরকারের। তবে অতীতে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, জনগণের মতামতকে সম্মান করা গণতন্ত্রের মূল ভিত্তি। গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। অন্যথায় জনগণের মতামত উপেক্ষা করা হলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।

 

বিএনপির সমালোচনা করে জামায়াতের নায়েবে আমীর বলেন, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। জনগণ এ ধরনের উদ্যোগ মেনে নেবে না।

 

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। সমাজ পরিবর্তনের আগে ব্যক্তি ও পরিবারকে আদর্শবান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।