সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) রফিকুল ইসলাম খান বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সব দিক দিয়ে দক্ষ। উনি সব মন্ত্রণালয়ে প্রক্সি দেন। কিন্তু উনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ।’ শনিবার সংসদে বাজটে আলোচনায় এসব কথা বলেন তিনি।
লক্ষ্মীপুরের একই পরিবারের চারজন হত্যা এবং বিভিন্নস্থানে ধর্ষণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জানমালের কতটুকু নিরাপত্তা দিতে পারছে, তা বুঝতে পারছি না।
বাজেট বাস্তবায়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করে তিনি বলেন, সরকারের প্রথম দিনে খুন হওয়া ৬০৫ জনের মধ্যে ২৮৮ জনই সরকার দলের। সরকার দলের লোক খুন করল কারা? খুন হলো কারা? এর অর্থ নিজের দলের লোকদের নিজেরাই মেরেছে। যে সরকারের কাছে নিজের দলের লোকেদের নিরাপত্তা নেই, তাদের কাছে দেশের মানুষের কি নিরাপত্তা আশা করতে পারে?
মাদকের বিষয়ে রফিকুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারীদের আগে চিহ্নিত করা, দেশে মাদক ঢোকা বন্ধ করতে হবে। এটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। দেশে আইনশৃঙ্খলা নেই।
রফিকুল ইসলাম খান বলেন, সরকার দলীয় এমপি বলেছেন, ‘ব্যাংকিং খাত বেহাল’। ব্যাংকিং খাতের বেহাল দশার অন্যতম কারিগর হচ্ছে ব্যাংক লুটেরা এস আলম। শুধু ইসলামী ব্যাংক থেকে তারা ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্ভাগ্য, এ টাকা ফেরত আনতে সরকার ব্যবস্থা নেয়নি। আরও বড় দুর্ভাগ্য একজন প্রভাবশালী মন্ত্রী এ ব্যাংক ডাকাত এস আলমের অবৈধভাবে নিয়োগ ১১ হাজারের বেশি কর্মচারীকে চাকরি ফেরত চেয়ে বক্তব্য দিয়েছিলেন। এতে বোঝা যায়, ব্যাংক ডাকাতের সঙ্গে ওই মন্ত্রীর যোগসূত্র থাকতে পারে।
গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ বাস্তবায়নের দাবি জানান রফিকুল ইসলাম খান। তিনি বলেন, দেশের মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে।
পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব জামায়াতের সমালোচনা করে বলেন, প্রস্তাবিত বাজেটের বিষয়ে সুশীল সমাজসহ বিভিন্ন সংগঠন কোন সমালোচনা না করলেও, একটি দল ক্ষুদ্র একটি ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সেখানে মাদক, সিগারেট ও মদের ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে তারা রাস্তায় দাঁড়িয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, ইসলামে মদ ও মাদক নিষিদ্ধ করা হয়েছে।