Image description

গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, চরম জনদুর্ভোগ নিরসন এবং লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজ শনিবার (২০ জুন) বেলা ২টায় খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের বিশাল বিভাগীয় সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে সমগ্র খুলনা নগরীতে জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাজ সাজ রব লক্ষ্য করা যাচ্ছে।

এই সমাবেশ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইনকে আহবায়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী মূল কমিটি গঠন করা হয়েছে।

সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করতে মেহমান, পরিবহন, ডেকোরেশন, সাউন্ড, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ও শৃঙ্খলাসহ সর্বমোট ১৭টি উপ-কমিটি নিরলসভাবে কাজ করছে। খুলনা মহানগরীর ৫টি প্রধান প্রবেশদ্বারে ইতিমধ্যেই ২০টি দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে।

আজকের এই ঐতিহাসিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-
সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

শীর্ষনিউজ