Image description

গত ১৮ জুন (বৃহস্পতিবার) ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘‘এবার লন্ডনে ডিম নিক্ষেপে দৌড়ে পালালেন হাসনাত আবদুল্লাহ।’’ 

১৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সাদা পাঞ্জাাবি পরা এক যুবক কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তির ওপর ডিম নিক্ষেপ করেছেন। আরও দুই যুবক একই কাজ করেন। পরে কালো পাঞ্জাবি পরা ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন।

দেখুন এখানে, এখানে, এখানেএখানে

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি লন্ডনে হাসনাত আবদুল্লাহর ওপর ডিম নিক্ষেপ নয়। বরং এটি গত মে মাসের শেষের দিকে পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের।

প্রচারিত ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে কালের কণ্ঠ, টাইমস অব বাংলাদেশ, ফেস দ্য পিপল সহ একাধিক সংবাদমাধ্যমে প্রচারিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

এছাড়া ২৩ মে প্রথম আলোতে ‘‘পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ-হামলা, ভিডিও ভাইরাল’’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর হামলার একটি ভিডিও শনিবার ভোরে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।’’

প্রতিবেদনে বলা হয়, ‘‘ভিডিওটি কোন সময়ের, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলার ঘটনার বিষয়ে আজ বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে আকতার হোসেনের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে তিনি লিখেছেন, ‘আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।’’

এদিকে ১৪ জুন জুলাইপন্থীদের নিয়ে লন্ডনের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্যানেল আলোচনা ঘিরে উত্তেজনা ছিল দিনভর। তাছাড়া ১৫ জুন লন্ডনের রমফোর্ড এলাকায় হাসনাতকে লক্ষ্য করে আ.লীগের ডিম নিক্ষেপ করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে লন্ডন পুলিশ। 

ঘটনার একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে দেশরূপান্তর লিখেছে, ‘‘ভিডিও ফুটেজে দেখা যায়, যখন ডিম ছুড়ে মারা হয় তখন হাসনাত আব্দুল্লাহ ডিম থেকে নিজেকে রক্ষার চেষ্টায় একপর্যায়ে রেস্টুরেন্টের ভিতরে আশ্রয় নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা যুক্তরাজ্য এনসিপি নেতাদের একটি অংশ হামলা প্রতিহত করার চেষ্টা করেন। তখন এনসিপি নেতা এহতেশাম উল হকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন হামলায় নেতৃত্ব দেওয়া শাহ শামীম। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।’’