Image description

দীর্ঘ আড়াই মাস পর পদ ফিরে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।

এতে আরো বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে, পদ ফিরে পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেখ তানভীর বারী হামিম।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম ফয়সালাকারী। ধন্যবাদ কেন্দ্রীয় ছাত্রদল।’

চলতি বছরের ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এর আগে ২৭ ফেব্রুয়ারি তানভীর বারী হামিমকে শোকজ করে কেন্দ্রীয় ছাত্রদল।

শোকজের পর ভিডিও বার্তায় হামিম জানিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।