দেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি, বরং একদলীয় শাসনের ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আগে বিএনপি-জামায়াতকে বাইরে রেখে সংসদ চালানো হয়েছে। আর এখন আওয়ামী লীগ ও বাম দলগুলোকে বাদ দিয়ে একই ধারা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইন্টারন্যাশনাল জুরিস্টস ফোরাম ফর হিউম্যান রাইটসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
রুমিন ফারহানা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির মতো জাতীয় ইস্যুতেও সংসদে কার্যকর আলোচনা হয়নি। এমন একটি বিষয়ে আলোচনা তুলতে প্রয়োজনীয় পাঁচজন সংসদ সদস্যের সমর্থনও তিনি পাননি। পরে বাধ্য হয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে হয়েছে। স্বাস্থ্য খাতের উদাহরণ টেনে তিনি বলেন, ‘হাম’ রোগের প্রকোপ নিয়ে প্রশ্ন তোলার পর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তাঁকে নিরুৎসাহিত করেছিলেন। একইভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বর্তমান যুগে তথ্য গোপন করে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। মানুষের হাতে হাতে মোবাইল ফোন থাকায় মুহূর্তেই বিশ্ব পরিস্থিতি জানা যায়। কারাগারের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, ধারণক্ষমতার কয়েক গুণ বেশি বন্দি অমানবিক অবস্থায় কারাগারে রয়েছেন। বিচার শেষ হওয়ার আগে জামিন পাওয়া একজন নাগরিকের আইনগত অধিকার হলেও বাস্তবে তা বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি সাহসী কোনো বিচারক জামিন দিলে পরদিনই তাঁর বিচারিক এখতিয়ার বদলে দেওয়ার অভিযোগও করেন তিনি।