Image description

ফেনীতে মাটি ও মাদক কারবারিকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ মে) রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় বল্লাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতা মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আবতাহি হোসেন তাহি (২০)। পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাহি ফেনী সদর উপজেলার রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত খুরশিদকে মঙ্গলবার (১৯ মে) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বগইড় এলাকার খুরশিদ ও মারুফ নামের দুই ব্যক্তির সঙ্গে মাদক ও মাটি ব্যবসা বন্ধ করা নিয়ে তাহির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খুরশিদ তাহির পিঠে ছুরিকাঘাত করে। এ সময় জাবেদ নামে আরও একজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।   

 
মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান বলেন, পাঁচগাছিয়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আমাদের কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবতাহি হোসেন তাহি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল জানান, স্থানীয় দুই যুবকের সঙ্গে  মাদক ও মাটি ব্যবসা নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। আমরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, অভিযুক্ত খুরশিদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।