জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মামলার মুখে পড়া ছদ্মবেশী সাংবাদিকদের অনেকেই মূলত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারা মাঠ পর্যায়ে সাধারণ মানুষের ওপর নির্যাতনে অংশ নিয়েছিলেন এবং এখন আইনি জটিলতা থেকে বাঁচতে কিছু ভুঁইফোড় গণমাধ্যমের কার্ড বা পরিচয় ব্যবহার করছেন।
বর্তমান সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিগত অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের আমলে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে তথ্য চাওয়ার পর মোট ৯২ জন সাংবাদিক তাদের মামলার বিবরণ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।’
মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে—সব মামলার বাদী কিন্তু সরকার নয়। অনেক মামলা হয়েছে ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিরোধের জেরে।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনুসন্ধানে দেখা গেছে তাদের অনেকের মূল পেশা সাংবাদিকতা নয়। তারা আওয়ামী লীগ বা এর বিভিন্ন অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে নানা অপকর্ম ও নিপীড়ন চালিয়েছেন। ভুক্তভোগী সাধারণ মানুষই তাদের বিরুদ্ধে মামলা করেছে। এখন তারা ভুঁইফোড় মিডিয়ার পরিচয়পত্র দেখিয়ে পার পাওয়ার চেষ্টা করছেন। আমরা এই অরাজকতা বন্ধ করতে চাই।’
সম্প্রতি সম্পাদক পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে হয়রানিমূলক মামলার তালিকা দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই এই তালিকা চেয়েছিলেন। গণমাধ্যম একটি মহান পেশা, যা নির্দিষ্ট নিয়ম ও রাষ্ট্রীয় আইন মেনে চলে। তবে বর্তমানে এই খাতে এক ধরনের অরাজকতা চলছে, যা দূর করতে একটি গ্রহণযোগ্য নীতিমালা দরকার।’
তিনি আরও জানান, ‘আমরা একটি নতুন মিডিয়া কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছি। আগামী জুনের মধ্যে একটি পরামর্শ কমিটি গঠন করে খসড়া প্রস্তাব তৈরি করা হবে। পাশাপাশি প্রেস কাউন্সিলকে কীভাবে আরও শক্তিশালী ও কার্যকর করা যায়, তাও খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি আগামী জুলাই মাসের মধ্যে একটি চূড়ান্ত প্রস্তাবনা আমরা হাজির করতে পারব।’
শীর্ষনিউজ