Image description

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, "কুমিল্লায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে উত্যক্ত এবং নির্যাতন করছে কুমিল্লা মহানগর ছাত্রদল নব নির্বাচিত সহ সভাপতি।" ভিডিওতে একজন যুবককে স্কুল ইউনিফর্ম পরিহিত এক ছাত্রীর পথ আটকে  উত্ত্যক্ত ও শারীরিকভাবে নির্যাতন করতে দেখা যায়।

এরকম দাবি সম্বলিত পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সত্য নয়। এটি প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রদল সভাপতি কর্তৃক কোনো ছাত্রী নির্যাতনের ভিডিও নয় বরং একটি অভিনয়ের দৃশ্য।

ভিডিওটির কী-ফ্রেম সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ দিলে Durjay Media Tv নামেএকটি ইউটিউব চ্যানেলে মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি চলতি বছরের ৯ জানুয়ারি “প্রেমে রাজি হয় না বলে ছেলে ইস্কুলছাত্রীকে ইভটিজিং করল রাস্তায়। Short Film 2026। Mkd Media Tv।” শিরোনামে আপলোড করা হয়েছিলো।

এছাড়াও গত ১১ জানুয়ারি  'Paisa Tv' নামে আরেকটি ইউটিউব চ্যানেলেও উক্ত ভিডিওতে দৃশ্যমান অভিনেতা ও অভিনেত্রীর একইধরনের আরো একটি অভিনয়ের ভিডিও পাওয়া যায়। দুটি চ্যানেলের ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায়, ভিডিওতে থাকা যুবক এবং তরুণী মূলত ওই চ্যানেলের নিয়মিত অভিনয়শিল্পী। 

অর্থাৎ, কুমিল্লা মহানগর ছাত্রদলের নেতার নামে ছাত্রী নির্যাতনের যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটি কোনো বাস্তব ঘটনা নয় বরং একটি অভিনয়ের দৃশ্য।