Image description

আপনারা যদি কোনো বিশেষ দলের পুলিশ হতে চান, তবে তার পরিণতি ভালো হবে না। আপনাদের কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হওয়ার প্রয়োজন নেই, আপনারা বাংলাদেশের জনগণের পুলিশ হয়ে উঠুন; তাহলে দেশের মানুষই আপনাদের পাশে দাঁড়াবে।

 

সোমবার (১৮ মে) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ পুলিশ প্রশাসনের উদ্দেশে এসব কথা বলেন।

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের সমালোচনা করে তিনি আরও বলেন, “হাসিনার আমলের সব নির্বাচনকে অবৈধ বললেও নিজের নির্বাচনকে বৈধ দাবি করা দ্বিমুখী নীতি। হাসিনার সবই খারাপ, শুধু নিজের নির্বাচনটা ভালো—এমন মানসিকতা পরিহার করতে হবে। এই মেয়াদোত্তীর্ণ অবৈধ মেয়র আজ শিক্ষার্থীদের পেছনে পুলিশ লেলিয়ে দিচ্ছেন।”

জুলাই বিপ্লবের গ্রাফিতি (দেয়ালচিত্র) মুছে ফেলার চেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, “জুলাইয়ের গ্রাফিতিতে আপনাদের এত ভয় কিসের?”

পুলিশ বাহিনীর উদ্দেশে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আমরা আমাদের জায়গা থেকে পুলিশের পেশাগত স্বাধীনতা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে চাই। আমরা জানি আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে, দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে আর কখনো কোনো দলের হয়ে কাজ করবেন না, আর যদি আপনারা দলের পুলিশ হইতে চান তাহলে পরিণতি ভালো হবে না । বিগত দিনে ‘পুলিশ লীগ’ সেজে ক্ষমতার অপব্যবহার করার পরিণতি তো আপনারা নিজের চোখেই দেখেছেন। আপনারা বাংলাদেশের জনগণের পুলিশ হয়ে উঠুন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে দাঁড়াবে । ”

বিগত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “একটা দল তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। অথচ পালিয়ে থেকেও তারা বড় বড় কথা বলে। এরা বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিনই প্রাসঙ্গিক হতে পারবে না। বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী জানে, এই অপশক্তি যদি আবারও রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, তবে তারা শিক্ষার্থীদের আর বাঁচতে দেবে না।”

পথসভায় জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।