Image description

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিএনপি নেতা রাশেদ খানের একটি ফেসবুক পোস্ট।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে দেয়া ওই পোস্টে রাশেদ খান মাশরাফির রাজনৈতিক অবস্থান, বিশেষ করে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তার নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, একসময় সাধারণ মানুষ মাশরাফিকে দেশের প্রতিনিধি ও অনুপ্রেরণা হিসেবে দেখলেও সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে।

তিনি আরও দাবি করেন, মাশরাফি এবং ক্রিকেটার সাকিব আল হাসানের রাজনৈতিক সম্পৃক্ততা অনেক ভক্তের মধ্যে হতাশা তৈরি করেছে, যা তিনি “নৈতিক পরাজয়” হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এ কারণে অনেকে ক্রিকেট খেলার প্রতি আগ্রহও হারিয়ে ফেলেছেন।

নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, “স্থানীয় কিছু মানুষের কারণে ক্ষতি হলেও, বৃহত্তর পরিসরে মাশরাফির অবস্থান ও নীরবতা দেশের মানুষের অনুভূতিকে আঘাত করেছে।”

তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের সময় মাশরাফি প্রকাশ্যে কোনো অবস্থান নেননি বা এর বিরুদ্ধে কথা বলেননি। এ নিয়ে তিনি মাশরাফির কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন—তিনি এখনো কোন রাজনৈতিক অবস্থানে আছেন এবং জুলাই গণঅভ্যুত্থানকে কীভাবে দেখেন?

পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, “মাশরাফি যদি নিজের ভুল স্বীকার করে জনগণের পাশে দাঁড়ান, তবে জনগণ তাকে আবারও গ্রহণ করবে।”

রাশেদ খান বলেন, “আপনি ভুল স্বীকার করে ক্ষমা চান, আপনার মৃত্যুর পর আপনার লাশ আমরা কাঁধে করে নড়াইল নিয়ে গিয়ে দাফন দেব।”

শীর্ষনিউজ