ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আনতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিএনপি।
আজ শনিবার (৯ মে) রাজধানীতে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ সকাল ১০টা থেকে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হবে। প্রায় পাঁচ মাসের বিরতির পর এটিই বিএনপির প্রথম বড় সাংগঠনিক সমাবেশ।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, বিএনপির পাশাপাশি এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে অংশ নেবেন।
সভায় সারা দেশের নেতারা সাংগঠনিক কার্যক্রম, মাঠপর্যায়ের বাস্তবতা এবং সরকারের সাম্প্রতিক উদ্যোগ নিয়ে মতামত তুলে ধরবেন। একই সঙ্গে দায়িত্ব নেওয়ার পর সরকারের গৃহীত পদক্ষেপ ও চলমান কার্যক্রম সম্পর্কেও বিশ্লেষণ উপস্থাপন করবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।
দলীয় সূত্রে জানা গেছে, এই মতবিনিময়সভার মূল লক্ষ্য হলো নেতাকর্মীদের পুনরায় সক্রিয় করা, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং দলের কার্যক্রমে নতুন গতি আনা। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও একটি বার্তা দিতে চায় বিএনপি।
শীর্ষনিউজ