Image description

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে জুমার নামাজ চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের ভেতরে ধাক্কাধাক্কি ও হট্টগোলে মসজিদের দরজার গ্লাস ভেঙে যায়।

শুক্রবার (৮ মে) জুমার নামাজের সময় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় মুসল্লিদের ভাষ্য, মসজিদটি সবসময় শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হয় এবং খতিবের বয়ান শুনতে নিয়মিত মুসল্লিরা সেখানে নামাজ আদায় করেন। তবে এদিন নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে কিছু লোক মসজিদের ভেতরে স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে মুসল্লিদের ইবাদতে বিঘ্ন ঘটে। ধাক্কাধাক্কিতে অনেকের দরজার কাচ ভেঙে হাত-পা কেটে যায়।

ভেঙে যাওয়া মসজিদের দরজায় গ্লাস। ছবি : এশিয়া পোস্ট
ভেঙে যাওয়া মসজিদের দরজায় গ্লাস। ছবি : এশিয়া পোস্ট

একাধিক মুসল্লি অভিযোগ করেন, মসজিদের ভেতরে হইচই, ধাক্কাধাক্কি ও স্লোগানের কারণে স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়। একপর্যায়ে দরজার গ্লাস ভেঙে যায়।

এর আগে, জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা সবাইকে মসজিদে আসতে বলি, কারণ আমরা চাই সবাই মসজিদমুখী হোক। মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। মুসলমানরা যদি সজাগ না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে তা মোকাবিলা করা সম্ভব হবে না।

নারায়ণগঞ্জে মসজিদে নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে বিশৃঙ্খলা। ছবি : এশিয়া পোস্ট
নারায়ণগঞ্জে মসজিদে নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে বিশৃঙ্খলা। ছবি : এশিয়া পোস্ট

তিনি আরও বলেন, সাম্প্রতিক ভারতে বিজেপি জয়ী হয়েছে পশ্চিমবঙ্গে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ঈমানী বক্তা না থাকে তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাইতে পারবো না। গত ১৫ বছরে অনেক আলেমের ওপরে নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিলো। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপি আহবায়ক যুবাইর সরদার এশিয়া পোস্টকে বলেন, মসজিদে তেমন কোন বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। নাসীরুদ্দীন পাটওয়ারী আমার দাওয়াতে একটি কাজে নারায়ণগঞ্জে এসেছেন। মসজিদে নামাজ পরতে গেলে সেখানে কিছু উৎসুক জনতার ধাক্কাধাক্কিতে মসজিদের একটি গ্লাস ভেঙে যায়, এটাতো কোন বিশৃঙ্খলা হতে পারে না। সে বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি, তাকে দেখার জন্য মানুষ অতি আগ্রহে ছিলো তাই এই ঘটনাটি ঘটেছে।

তিনি আরও বলেন, আমরা মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। ক্ষতিপূরণ যা হয় দিয়ে দিব। আমি মনে করি সেখানে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারীরা মসজিদের ভিতর ছিলো। তারা এখানে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। এগুলো আওয়ামী লীগের সাজানো চাল।

সবশেষে যুবাইর সরদার বলেন, কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এই ঘটনাটাকে অন্যভাবে নেওয়ার চেষ্টা করছে। এখানে কোন রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। মসজিদ সবার জন্য উন্মুক্ত। এখানে সবাই নামাজ পড়তে আসবে, বিশৃঙ্খলার কোনো কারণ নেই।