বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মুজাহিদ মোল্লা উপজেলার হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে ও জামায়াত ইসলামীর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি।
বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদ ও বাইজিদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বিরোধ সৃষ্টি হয়। পরে বাইজিদ ধারালো কাচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয়রা বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ বাইজিদকে আটক করে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।