সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মোল্লা দেশের প্রতিটি ক্যাম্পাসের সাংবাদিক সমিতি বিলুপ্ত করার দাবি জানিয়েছেন। সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির একটি পোস্টের মন্তব্যে ঘরে তিনি এ দাবি তুলে ধরেন।
আরিফুল ইসলাম মোল্লা লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যাকে ‘সাংবাদিক’ হিসেবে তুলে ধরা হচ্ছে, তিনি সুস্থ-সবল অবস্থায় সাক্ষাৎকার দিয়েছেন এবং তার শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তথাকথিত মিথ্যাবাদী এই সাংবাদিক সমিতিগুলোকে ক্যাম্পাস থেকে বিলুপ্ত করার সময় এসেছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, সাংবাদিক সমিতি বিলুপ্তির এমন ঘোষণার তীব্র সমালোচনা করেছেন কলেজের শিক্ষার্থীরা। তারা বলেন, ছাত্রদল নেতার মন্তব্যের ভাষা ছাত্রলীগের মত। তার উচিৎ এমন বক্তব্যে প্রতাহার করা।
ছাত্রদল নেতার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান সুজন এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, দীর্ঘদিন ধরে নানা হামলা-হুমকি উপেক্ষা করে সাংবাদিকরা ক্যাম্পাসে সত্য ও বাকস্বাধীনতার পক্ষে সোচ্চার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অতীতের মত ভবিষ্যতেও সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৃঢ় থাকবে। একই সঙ্গে বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে সাংবাদিক সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
সুজন আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে অযথা বিরোধে না জড়ানোই সবার জন্য কল্যাণকর। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।