Image description

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এর মধ্যে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। রবিবার (২২ মার্চ) মধ্যরাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দাবিগুলো তুলে ধরা হয়।

বিবৃতিতে ভারতে হাদি হত্যাকাণ্ডের আসামিদের রিমান্ডসহ পুরো প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের নীরবতায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এতে বলা হয়, শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিরা ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার পর ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয় এবং পুনরায় আরও ১৪ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তা উদ্বেগজনক।

এতে আরও বলা হয়, আসামিদের গ্রেপ্তারকে প্রথমে সরকারের সাফল্য হিসেবে দেখা হয়েছিল এবং তা উদযাপনও করা হয়। তবে বর্তমান পরিস্থিতি সরকারের ব্যর্থতাকেই সামনে এনেছে। এ প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ জাতির সামনে ছয় দফা দাবি তুলে ধরেছে।

দাবিগুলো হলো:

১. পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে কার্যক্রম শুরু করে আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে—এটি জনগণের পক্ষ থেকে আল্টিমেটাম।

২. হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীদের আড়াল করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। দ্রুত একটি নিরপেক্ষ উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

৩. আসামিরা কীভাবে এবং কার সহায়তায় সীমান্ত পার হয়েছে—তা তদন্ত করে সংশ্লিষ্টদের নাম প্রকাশ ও দ্রুত গ্রেপ্তার করতে হবে।

৪. ভারতে ইউএপিএ আইনের কারণে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না হয়, সে জন্য একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন করে ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিয়মিত অগ্রগতি জানাতে হবে। একইসঙ্গে ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফেরাতে আইনি জটিলতা দূর করতে উদ্যোগ নিতে হবে।

৫. ওসমান হাদি হত্যা মামলার বিচার ‘ওপেন ট্রায়াল সিস্টেমে’ করতে হবে এবং তা জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে হবে, যাতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হয়।

৬. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না হলে, ঢাকাসহ সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।