মাহমুদুর রহমান
ভারত সরকারের আশ্রয়ে থেকে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো সন্ত্রাস শুরু করে দিয়েছেন। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত এবং আইসিটি আদালতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর এই দানবীয় চরিত্রের নারীর আসলে রাজনৈতিকভাবে নতুন করে হারানোর আর কিছু নেই। তিনি সর্ব উপায়ে বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করতে চাইবেন সেটাই প্রত্যাশিত।
দিল্লির প্রশ্রয় ও সহযোগিতায় শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের পুরো শাসনকালে পদে পদে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছেন। তিনি এবং তার সমর্থকরা চেয়েছিলেন যাতে বাংলাদেশে একটি সফল নির্বাচন না হতে পারে। এসব কাজে ব্যর্থ হয়ে এখন তিনি বাংলাদেশে নাশকতা উসকে দিচ্ছেন।
প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে, সন্ত্রাস দলটির অনেকটাই মজ্জাগত বৈশিষ্ট্য। স্বাধীনতা-উত্তরকালে ক্ষমতাসীন অবস্থায় কিংবা বিরোধী দলে আওয়ামী লীগ সবসময় একই ধরনের আচরণ করেছে। দলটির সন্ত্রাসবাদী ডিএনএ থেকেই জন্ম নিয়েছিল শেখ মুজিবের বাকশাল এবং হাসিনার ফ্যাসিবাদ। ফলে জুলাই বিপ্লবের পর নেতারা পালিয়ে গেলেও দলটির যে কর্মীবাহিনী দেশের অভ্যন্তরে রয়ে গেছে, তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের নেতা, কর্মী কিংবা সমর্থক সফট পাওয়ারের কারো মধ্যে দীর্ঘ পনেরো বছরের বীভৎস ফ্যাসিস্ট শাসনের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই। আওয়ামী টোকাই থেকে অন্ধ সমর্থক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত কারো চিন্তাধারার মধ্যে কোনো তফাত খুঁজে পাওয়া যাবে না।
অতীত ইতিহাস পর্যালোচনা করলে এদের কাছ থেকে কোনো যুক্তি কিংবা বিবেক আমরা আশা করতে পারি না। প্রতি সন্ধ্যায় বাংলাদেশের বেশুমার টেলিভিশনে যে ডজন ডজন টকশো হয়ে থাকে, সেগুলোতে আওয়ামী সফট পাওয়ারের আস্ফালন দেখলে বোঝার উপায় নেই যে মাত্র দুই বছর আগে আবু সাঈদ, মুগ্ধ, আনাসরা শাহাদতের বিনিময়ে দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছিল। একদিকে এসব টকশোতে সরকারের মৌন সম্মতিতে অহরহ জুলাই বিপ্লবকে বিতর্কিত করে বয়ান দেওয়া হচ্ছে; অন্যদিকে ভারতে পলাতক নেতাদের নির্দেশের সঙ্গে নাশকতার জন্য প্রয়োজনীয় অর্থের জোগান হলেই আওয়ামী লীগের কর্মীরা দলীয় চরিত্র অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।
নভেম্বরের ৯ ও ১০ তারিখে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব সরকারের প্রভাবশালী ব্যক্তিদের কাছে অতি তুচ্ছ ঘটনা মনে হলেও পোড় খাওয়া জনগণ ঠিক আশ্বস্ত হতে পারছে না। শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার উদ্দেশ্যপ্রণোদিত প্রচার এই দেশবিরোধীদের আরো বেপরোয়া করে তুলেছে। আওয়ামী লীগের এসব কাজকারবারে আমি বিস্মিত না হলেও ক্রমাগত হতাশ হচ্ছি ক্ষমতাসীনদের রাজনৈতিক বিভ্রান্তিতে। তারা দেশবিরোধী ফ্যাসিস্ট অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার পরিবর্তে বর্তমান সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিক রাজনৈতিক প্রতিপক্ষ, জামায়াত এবং এনসিপির বিরুদ্ধে যাবতীয় শক্তি ক্ষয় করছেন। জুলাই শক্তির মধ্যে বিভাজন বাড়িয়ে তারা আহত দানবের প্রত্যাবর্তনের রাস্তা বানিয়ে দিচ্ছেন। বেগম খালেদা জিয়ার ভাষায়, সাপের চেয়ে ভয়ংকর আওয়ামী লীগের প্রতি ক্ষমতাসীন মহলের অপরিণামদর্শী নমনীয়তা যে তাদের জন্যই সর্বাধিক বিপদ ডেকে আনবেÑএটা তারা যেন কিছুতেই বুঝবেন না বলে পণ করে বসে আছেন। আমার আজকের লেখা এ পর্যন্ত পড়েই নব্য ক্ষমতাবানরা নিশ্চয়ই আমার দেশ পত্রিকা এবং ব্যক্তিগতভাবে আমার উপর মহা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তাদের সেই আক্রোশ প্রশমনে আমার মন্তব্যের স্বপক্ষে খানিকটা ব্যাখ্যা প্রদানের চেষ্টা করা যাক।
আমি মনে করি, হাসিনার পালানোর মাত্র দুই বছরের মধ্যে এত দ্রুত তার দলের আস্ফালন ও সন্ত্রাস শুরু করার হিম্মত পাওয়ার পেছনে প্রধান চারটি কারণ রয়েছে। প্রথম এবং অন্যতম কারণ হলো, জুলাই বিপ্লবের অংশীদারদের মধ্যকার দুর্ভাগ্যজনক বিরোধ। সংশ্লিষ্টদের প্রবল ক্ষমতালিপ্সা থেকেই এই বিরোধ বিস্তার লাভ করেছে। ড. ইউনূস সরকারের সময়েই প্রশাসনে কোন দল কতটা প্রভাব বিস্তার করবে, সেটা নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। দুই দলেরই লক্ষ্য ছিল ফ্যাসিবাদ-পরবর্তী নির্বাচনে জয়লাভ করে নিরঙ্কুশ ক্ষমতা দখল। সুতরাং সেই লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে প্রশাসনে দলীয় লোক বসাতে কারোরই আগ্রহের কমতি ছিল না।
প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিযোগিতায় বড় দল হিসেবে বিএনপি সবসময় এগিয়ে থাকলেও একচ্ছত্র প্রভাব বিস্তার করতে না পারায় তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। অবস্থা বেগতিক দেখে সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের দুই-একজন উপদেষ্টা এমন একটি প্রস্তাব নিয়ে এগোতে চেয়েছিলেন যে, ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে অন্তত প্রথম পাঁচ বছরের সংসদটি বিএনপি, জামায়াত এবং এনসিপি মিলেমিশে যৌথভাবে পরিচালনা করুক। তারা চেয়েছিলেন তিন দলের মধ্যে আসন ভাগাভাগি করে ঐক্যবদ্ধভাবে সংসদ নির্বাচনটা হোক। তারপর না হয় বেশি আসনের প্রত্যাশিত দল হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। এই আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ের পর আর বিশেষ এগোয়নি।
বিষয়টি জানতে পেরে তখন আমি প্রস্তাবটির ঘোর বিরোধিতা করেছিলাম। আমি চেয়েছিলাম বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ফিরে আসুক। দীর্ঘ ১৫ বছর একদলীয় ফ্যাসিস্ট আওয়ামী শাসন দেখার পর নির্বাচনের নামে আবার ভাগাভাগিতে ফিরে যাওয়া আমার কাছে উচিত কাজ বলে মনে হয়নি। আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মধ্যকার আপসের নির্বাচনের নাটকের ভিন্ন মোড়কে কোনোরকম পুনরাবৃত্তি আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। আমি জনগণের নির্ভেজাল ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে জোর ওকালতি করেছিলাম। তাছাড়া পূর্ব অভিজ্ঞতায় আমি জানতাম, আসন ভাগাভাগি করা এত সহজ কাজ নয়। অনেকেই হয়তো জানেন না যে, বিএনপি এবং জামায়াতের মধ্যকার আজকের তীব্র বিরোধের সূত্রপাত ঘটেছিল ২০০১, ২০০৮, এবং ২০১৮ সালের আসন ভাগাভাগি নিয়েই।
উদাহরণস্বরূপ, কর্নেল অলি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আজ জামায়াতের বন্ধু হলেও ২০০১ সালের নির্বাচনে চট্টগ্রামের একটি আসনে জামায়াতের শাহজাহান চৌধুরীর প্রার্থিতা নিয়েই তার সঙ্গে বেগম খালেদা জিয়ার দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্বের পরিণতিতে আমাদের এক-এগারো দেখতে হয়েছিল। সদ্য জেলফেরত মেজর (অব.) আখতারও জামায়াতবিরোধী ক্যাম্পেই ছিলেন। এবার আমার প্রত্যাশা ছিল, বিএনপি এবং জামায়াতের মধ্যে নির্বাচনসংক্রান্ত স্বাভাবিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সেটা কখনো শালীনতা ও সুস্থতার সীমা লঙ্ঘন করে চরম বৈরিতায় পর্যবসিত হবে না। দুঃখজনকভাবে আমার প্রত্যাশা পূরণ হয়নি। প্রধান দুই দলের মধ্যে অযৌক্তিক এবং আত্মবিধ্বংসী বৈরিতা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সুগম করছে। এই অনাকাঙ্ক্ষিত ও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টির প্রধান দায় ক্ষমতাসীন দল হিসেবে বিএনপিকেই নিতে হবে।
দ্বিতীয়ত নির্বাচনের সময় হাসিনার অবর্তমানে আওয়ামী ভোটব্যাংকে ভাগ বসানোর জন্য প্রতিদ্বন্দ্বী দলগুলো সংকীর্ণ স্বার্থে যেভাবে তাদেরকে কাছে টানতে চেয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করেই আওয়ামী সন্ত্রাসীরা রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে। এ ক্ষেত্রেও জামায়াতের তুলনায় বিএনপিই এগিয়ে আছে। সরকারি দলের এমপিরা নির্বাচনে জয়লাভের জন্য প্রকৃত ও পুরোনো বিএনপির লোকজনদের উপেক্ষা করে দল বেঁধে যখন আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানান, তখন সেটা প্রকৃতপক্ষে ফ্যাসিস্টদেরই উৎসাহিত করে। বিস্ময়ের সঙ্গে তাদের বলতে শুনলাম যে, এবার নির্বাচনে বিএনপির বিশাল বিজয় নাকি বিএনপির স্থায়ী ভোটব্যাংক এবং মুসলমানদের ভোটের কারণে ঘটেনি।
বিএনপি নেতাদের বক্তব্য অনুসারে দল জিতেছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের ভোটে! সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিদের এ-জাতীয় কথাবার্তা দেশের সর্বত্র আওয়ামী লীগের কর্মীদের সংগঠিত হতে উৎসাহ জুগিয়েছে। বিশেষ করে, শক্তিশালী ‘আওয়ামী বেল্ট’ গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ইত্যাদি জায়গায় চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন পর্যন্ত কোনো কার্যকর অভিযান না চালানোয় সেসব স্থানে তারা ক্রমেই দুর্বিনীত হয়ে উঠেছে। গোয়েন্দাদের কাছে এই তথ্য না থাকার কোনো কারণ নেই যে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী ক্যাডার ও ফ্যাসিস্ট সমর্থকরা বিপ্লবের পর ওই জেলাগুলোতেই প্রধানত আশ্রয় নিয়েছিল। পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর বিষয়টি মন্ত্রীদের দায় এড়াতে অস্বীকার করার মধ্যে ক্ষমতার দাপট দেখানো গেলেও শেষ পর্যন্ত পুরো সরকারকেই এসব ব্যর্থতার মাশুল দিতে হবে।
প্রসঙ্গক্রমে একটা প্রশ্ন করে রাখি। শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের প্রথম পাঁচ বছর এবং পরবর্তী পনেরো বছরে গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলার কতজন বেনজীর ও হারুন মার্কা আওয়ামী ক্যাডারকে পুলিশের বিভিন্ন পদে চাকরি দেওয়া হয়েছে, তার কোনো তালিকা সরকার কি এখন পর্যন্ত তৈরি করতে পেরেছে?
তৃতীয়ত এবারের নির্বাচনে ডান ও ইসলামপন্থি জামায়াতে ইসলামী এবং এনসিপির তরুণদের কট্টর ফ্যাসিবাদবিরোধী ও ইসলামের প্রতি নমনীয় রাজনীতি মোকাবিলা করে বিজয়লাভ করার কৌশল হিসেবে আওয়ামীপন্থিদের কাছে টানতে গিয়ে বিএনপির রাজনৈতিক বয়ান ক্রমেই শহীদ জিয়া এবং খালেদা জিয়ার অনুসৃত মধ্য-ডান থেকে বর্তমানের সফট-বাম ও ইসলামবিদ্বেষী সেক্যুলারিজমের দিকে সরে গেছে। দলের জন্য এই বামঘেঁষা নতুন বয়ান বাজারে ছাড়তে দলটির নীতিনির্ধারকরা পুরাতন বিএনপির চেয়ে নব্যদের ওপর বেশি নির্ভর করেছেন। নব্যরা কেউ শহীদ জিয়া কিংবা খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে চেনার সুযোগ পাননি।
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ওই দুই রাজনীতিবিদের জীবন ও সংগ্রাম সম্পর্কেও এই নব্যরা কতখানি অবহিত কিংবা তাদের রাজনৈতিক আদর্শের প্রতিইবা কতখানি শ্রদ্ধাশীল, সে সম্পর্কে আমার চেয়ে প্রধানমন্ত্রীর অনেক বেশি অবহিত হওয়ার কথা। সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রাপ্তির বিনিময়ে বিরোধী দলের প্রতি অতি মাত্রায় আক্রমণাত্মক হওয়ার সময় এই নব্য বিএনপিরা স্বাভাবিকভাবেই বেগম জিয়ার সৌজন্যমূলক ব্যবহার এবং ভাষার প্রশংসনীয় শালীনতার কোনো তোয়াক্কা করছেন না। সেই ভদ্র ও রুচিশীল রাজনৈতিক শিক্ষা তো তারা পাননি। শেখ হাসিনাকে একসময় যারা নিজের মায়ের মতো করে দেখেছেন, তারা সেই মুখরা মায়ের কুরুচিপূর্ণ বুলিতেই কথা বলবেন সেটাই স্বাভাবিক।
নোংরা ভাষায় কথা বলতে বিশেষ পারদর্শী শেখ হাসিনা সমালোচনার জবাবে একবার বলেছিলেন, যার যার রুচি তার তার কাছে। তদুপরি এই সুবিধাবাদী গোষ্ঠী জানেন যে, বিএনপি এবং জামায়াতের মধ্যে দূরত্ব যত বৃদ্ধি পাবে, সরকারপ্রধানের কাছেও তাদের গুরুত্ব ততই বাড়বে। এই চলমান বিবাদে বিএনপি এবং জামায়াতের দূরত্ব বাড়তে থাকায় নব্যদের পাশাপাশি ফ্যাসিস্টরাও লাভবান হচ্ছে। অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়েই ড. ইউনূসের সময়ে গর্তে ঢুকে যাওয়া ফ্যাসিস্টের সহযোগীরা এখন সব দলে দলে বের হতে শুরু করেছে। ফ্যাসিস্ট জামানায় প্রতিষ্ঠিত সব বেসরকারি টেলিভিশনে শুধু নয়, জাতীয় টেলিভিশনে পর্যন্ত এদেরকে নিয়মিত আওয়ামী বয়ান ফেরি করতে দেখা যাচ্ছে। ড. ইউনূসের সরকার এদেরকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পেরেছিল। ফ্যাসিস্ট সফট পাওয়ারকে পরম আদরে কোলে তুলে নিয়ে পুনর্বাসিত করার যে আত্মঘাতী কৌশল ক্ষমতাসীনরা গ্রহণ করেছেন, সময়মতো তার বিষময় ফল তাদেরকেই আস্বাদন করতে হবে।
সরকারের নব্য ‘স্ট্র্যাটেজিস্ট’রা যদি ভেবে থাকেন যে, শহীদ জিয়ার দলটিকেই ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বানিয়ে তারা দেশের ফ্যাসিস্ট সমর্থকদের দলে টেনে নেবেন, তাহলে সেটি যে কত বড় ভুল কৌশল ছিল, তা গোপালগঞ্জের সন্ত্রাসীরা বিএনপি নেতাদের বাড়িঘরে আগুন দিয়ে রীতিমতো জেলা ছাড়া করে প্রমাণ করে দিয়েছে। গোপালগঞ্জ থেকে নির্বাচিত বিএনপিদলীয় এমপিদের অসহায়ত্ব দেখে আমার বেশ মায়াই হয়েছে।
আওয়ামীদের ফিরে আসার সুযোগ সৃষ্টির চতুর্থ কারণটি নিতান্তই অর্থনৈতিক। দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার সুবর্ণ সুযোগ নিয়ে বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশে পলাতকরা সেই সময় বিপুল সম্পদের মালিক বনে গিয়েছিল। সেই সব সম্পদ ধরে রাখার জন্য তারা ক্ষমতাসীন দলের লোকজনদেরই দেশের বিভিন্ন জায়গায় সাময়িক পাহারাদার নিযুক্ত করেছে। এস আলমের সম্পদ কে বা কারা পাহারা দিচ্ছেন, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম সত্য-অসত্য প্রচারণা চললেও হাজার হাজার এস আলমের সম্পদের ব্যাপারে তেমন কোনো আলোচনা হচ্ছে না।
সেই সব লেনদেন জনগণের দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির এক প্রবীণ সদস্য পর্যন্ত সম্প্রতি এই লেনদেন নিয়ে মুখ খুলেছেন। আওয়ামী সমর্থক বিভিন্ন মিডিয়ায় কয়েকজন দলীয় লোক বসিয়ে ক্ষমতাসীনরা কতখানি লাভবান হয়েছেন, সেটাও তারাই ভালো জানেন। এসব মিডিয়ার অলিগার্ক মালিকদের অবশ্য নতুন ‘পাওয়ার সেন্টার’ খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি। অতি সম্প্রতি আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং ব্যবসায়ীর ব্যাংক হিসাব বন্ধ করার সিদ্ধান্তে মনে হচ্ছে বিলম্বে হলেও সরকারের উচ্চ মহলের টনক হয়তো নড়েছে। তাছাড়া গত প্রায় এক বছরে অর্থের বিনিময়ে বিপুল সংখ্যায় আওয়ামী লীগের স্বল্প পরিচিত ক্যাডার ও সন্ত্রাসীরা জেল থেকেও বের হয়ে যেতে পেরেছেন। তারা সব এখন সময় এবং সুযোগমতো দিল্লি থেকে নির্দেশ পেলেই নাশকতা করে বেড়াচ্ছেন। এদের পুনরায় ধরতে গিয়ে পুলিশ গলদঘর্ম হয়ে পড়ছে। তাছাড়া শর্ষের মধ্যে এখনো অনেক ভূত রয়ে গেছে। বিশেষ জেলার পুলিশের কথা আগেই উল্লেখ করেছি। বাহিনীর মধ্যে পলাতকরা ছাড়া অন্যান্য ফ্যাসিস্ট সহযোগীদের খুঁজে বের করার তেমন কোনো উৎসাহ সরকারের নয় মাসে দেখা যায়নি।
এক-এগারো এবং হাসিনার জামানা মিলে ১৭ বছর ভারতের এদেশীয় দালালরা রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছিল। এই দীর্ঘ সময়ের মধ্যে সামরিক এবং বেসামরিক প্রশাসন ও বিচার বিভাগে যে বিপুল সংখ্যায় দিল্লির এজেন্ট এবং ফ্যাসিস্ট সমর্থকদের অনুপ্রবেশ ঘটেছে, সেটা পরিষ্কার করতেও সময়ের প্রয়োজন। সুতরাং জাতীয় ঐক্য ছাড়া কোনো সরকারের পক্ষেই দেশ ও বিদেশের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। ক্ষমতায় যারাই থাকুক না কেন, দেশবাসী ফ্যাসিবাদবিরোধী প্রধান শক্তিগুলোর মধ্যে ঐক্যের প্রত্যাশা করে। আবু সাঈদ কেন দুই হাত প্রসারিত করে গুলির সামনে দাঁড়িয়ে মৃত্যুকে আহ্বান করেছিল, মুগ্ধ কতটা মমতা নিয়ে বিপ্লবীদের পানি পান করাতে অবিশ্রান্ত গুলির মধ্যে রাস্তায় বের হয়েছিল, কিশোর আনাস কোন প্রেরণায় মায়ের আঁচল ছিন্ন করে চিরদিনের জন্য ঘর ছেড়েছিল, ক্ষমতা উপভোগের সঙ্গে এগুলোও একটু ভাবার চেষ্টা করুন।
প্রধানমন্ত্রীসহ সরকারের প্রভাবশালী সব মন্ত্রী সংসদের অধিবেশন চলাকালে জাতীয় ঐক্যের ওপর জোর দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখতে না পাওয়াটা জাতির জন্য নিতান্তই দুর্ভাগ্যজনক। রাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তার স্বার্থে একটি জাতীয় অভিন্ন কর্মসূচিতে সরকার ও বিরোধী দলের একমত হওয়া আবশ্যক বলে মনে করি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাই সুস্থ রাজনৈতিক বিতর্ক করুন, নিয়মতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতা করুন, কিন্তু আল্লাহর ওয়াস্তে সেই প্রতিদ্বন্দ্বিতা ও বিতর্ককে ব্যক্তি, দল অথবা শ্রেণিবিদ্বেষে রূপান্তরিত করবেন নাÑএই আহ্বান ব্যক্ত করে লেখা শেষ করছি।