Image description

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়েছেন তার কর্মী-সমর্থকদের কাছে। তার এই ঘোষণা যে ফাঁকা বুলি নয়, তা বোঝানোর জন্য গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে তার পক্ষ থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদনও করা হয়েছে। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারের মাধ্যমে এই আবেদন করা হয়। এই ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গা ঢাকা দেওয়া কর্মীরা গলা বের করার চেষ্টা করছে এবং দেশের কোনো কোনো এলাকায় চোরাগোপ্তা হামলা, বাসে আগুন এবং ঝটিকা মিছিলের কিছু তৎপরতা চালিয়েছে।

সরকার থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট কিংবা ট্রাভেল পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং গণহত্যার দায়ে এবং মানবতাবিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। বাংলাদেশের কাছে তিনি স্রেফ একজন দণ্ডিত পলাতক আসামি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওই দিনই সাংবাদিকদের জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। বৈধ নথি ছাড়া কোনো বাণিজ্যিক ফ্লাইট বা সাধারণ ইমিগ্রেশন প্রক্রিয়ায় তার আসার সুযোগ নেই। ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় বন্দি হস্তান্তরের মাধ্যমেই তিনি কেবল দেশে ফিরতে পারেন। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের জন্য ভারতকে কয়েক দফা চিঠি দিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম ১০ নভেম্বর সাংবাদিকদের জানান, ২০২৬ সালের ১৩ জানুয়ারি মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল না করায় আইনগতভাবে শেখ হাসিনার আপিল করার সুযোগ আর অবশিষ্ট নেই। তাই দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া তার জন্য আর কোনো পথ খোলা নেই। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলও সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বিদ্যমান আইন মেনেই ফিরতে হবে। অর্থাৎ সেই আইনটি হচ্ছে বাংলাদেশ-ভারত বন্দি প্রত্যর্পণ আইন।

নিজে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই হাসিনার

শেখ হাসিনা বর্তমানে ভারতের নিরাপত্তা হেফাজতে রয়েছেন। তার নিজের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়াও ভারতের ওপর নির্ভরশীল। তিনি বাংলাদেশে ফেরার ঘোষণা দিলেন, আর সীমান্ত পাড়ি দিয়ে চলে এলেন—বিষয়টি এতটা সহজ নয়। ২০২৪ সালের আগস্ট থেকে তিনি ভারত সরকারের উচ্চতর নিরাপত্তাবেষ্টনীতে রয়েছেন। তার প্রতিটি পদক্ষেপ ও চলাচল ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারি ও নিয়ন্ত্রণের অধীনে। ফলে ভারত সরকারের প্রত্যক্ষ সম্মতি ও ব্যবস্থাপনা ছাড়া তার পক্ষে দিল্লি ত্যাগ করা সম্ভব নয়। শেখ হাসিনা চাইলেই ফিরতে পারবেন না। ভারত যদি চায় শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, তবেই তিনি আসতে পারবেন। সেক্ষেত্রে দুটি পথ খোলা আছে—প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা; দ্বিতীয়ত, তাকে ‘পুশব্যাক’ করা। শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের একজন পরীক্ষিত মিত্র। ভারত কখনোই শেখ হাসিনাকে বিপদের মুখে ঠেলে দেবে বলে মনে হয় না। তাকে প্রত্যর্পণ করা হলে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। আর ‘পুশব্যাক’ করলে বাংলাদেশ তাকে সীমান্ত থেকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে। তাছাড়া এতদিনের বিশ্বস্ত মিত্রকে ভারত ‘পুশব্যাক’ করার মতো অপমান করবে না।

ইতোমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। দুদেশের বিদ্যমান চুক্তির বিধান ও আইনি কাঠামো পর্যালোচনা করেই ভারত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ ভারতের বক্তব্যটি একেবারেই কূটনৈতিক মারপ্যাঁচের ভাষা। শেখ হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে খেলবে। অনুকূল কোনো সময়ের জন্য তারা অপেক্ষা করবে। শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা কিংবা নতুন পাসপোর্ট চাওয়া শুধু তার রাজনৈতিক স্টান্টবাজি। আলজাজিরাকে দেওয়া মন্তব্যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচ পরিষ্কার করেছেন যে, শেখ হাসিনার এই ঘোষণা ‘ফাঁকা বুলি’। তার মতে, দেশে থাকা দলীয় কর্মীদের উজ্জীবিত রাখতেই এমন কৌশল নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশে ফিরলে শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে—এটা জেনেও পাসপোর্ট চাওয়ার প্রক্রিয়াটি মূলত আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের একটি চেষ্টা। তাছাড়া দলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও চাপ তৈরি করা যায় কি না, তারও একটা চেষ্টা করা।

দীনেশ ত্রিবেদী সত্য ঘটনা আড়াল করেছেন

শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্প্রতি বে অব বেঙ্গল সম্মেলনে বলেছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া বা দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া ভারতের হাতে কার্যত কোনো বিকল্প ছিল না। ত্রিবেদী উল্লেখ করেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী নিয়ে যায়নি; বরং তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর একটি বিমানে করে সেখানে পৌঁছান। হাইকমিশনার জানান, আকস্মিক এই পরিস্থিতির জন্য ভারত মোটেও প্রস্তুত ছিল না। তার মতে, প্রতিবেশী দেশ হিসেবে সেই মুহূর্তের বাস্তবতা মেনে নেওয়া ছাড়া নয়াদিল্লির সামনে অন্য কোনো পথ খোলা ছিল না এবং তাকে নামতে না দিলে সম্পূর্ণ ভিন্ন একটি পরিস্থিতির সৃষ্টি হতো।

ভারতীয় হাইকমিশনার অত্যন্ত কৌশলের সঙ্গে প্রকৃত ঘটনা আড়াল করেছেন। প্রকৃত সত্য হচ্ছে, ২০২৪ সালের ৫ আগস্ট ভারতীয় কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে এবং সর্বোচ্চ নিরাপত্তায় ‘শেখ হাসিনা রেসকিউ মিশন’ নামক এক গোপন অভিযানের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর আমার দেশ-এ প্রকাশিত এক অনুসন্ধানমূলক প্রতিবেদনে পলায়নের পুরো প্রক্রিয়া, কূটনৈতিক যোগাযোগ এবং সামরিক বিমান চলাচলের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। ৪ আগস্ট সেনাবাহিনী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করবে না বলে জানানোর পর শেখ হাসিনা স্যাটেলাইট ফোনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দুবার কথা বলেন। মোদি আন্তর্জাতিক নিয়মের কারণে ভারতীয় বিমান পাঠাতে অপারগতা প্রকাশ করলেও বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে নিরাপদে সীমান্ত পার হওয়ার ব্যবস্থা করে দেন। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও সার্বিক সমন্বয় করেন। ৫ আগস্ট গণভবনসংলগ্ন বাণিজ্যমেলা মাঠ থেকে ‘লিওপার্ড ৮০৩’ কলসাইনের একটি এমআই-১৭ হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে কুর্মিটোলা বিমানঘাঁটিতে নেওয়া হয়। সেখান থেকে বেলা ৩টা ১১ মিনিটে ‘AJAX1431’ কলসাইনের সি-১৩০ জে সামরিক বিমানে করে তারা দিল্লির উদ্দেশে রওনা দেন। বিমানে পাঁচজন পাইলট, এসএসএফের পাঁচজন কর্মকর্তা এবং ১৪টি স্যুটকেস ছিল। বিমানটি বাংলাদেশের আকাশসীমায় থাকা অবস্থায় রাডার বা ট্রান্সপন্ডার বন্ধ রেখে সাতক্ষীরার বিমাক সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করে। কলকাতার আকাশে পৌঁছানোর পর পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটি থেকে উড়ে আসা ভারতের দুটি রাফাল যুদ্ধবিমান সেটিকে এসকর্ট বা পাহারা দিয়ে দিল্লির কাছের হিন্দন বিমানঘাঁটিতে নিয়ে যায়। সেখানে অবতরণ করলে অজিত দোভালের সঙ্গে ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল পিএম সিনহা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিরাপত্তা সংস্থাগুলোর নিশ্ছিদ্র পাহারায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, স্টেট এয়ারক্রাফট হিসেবে বিমানটি ভারতের ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স নম্বর (ডিসিএন) পেলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানত না। বিমানটির কোনো ফ্লাইট প্ল্যান জমা দেওয়া হয়নি এবং আরোহীদের কারো ইমিগ্রেশন বা কাস্টমস ক্লিয়ারেন্স ছিল না। বিষয়টি গোপন রাখতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের নথিতে ফ্লাইটটিকে ‘ট্রেনিং ফ্লাইট’ হিসেবে দেখানো হয়েছিল।

আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে

২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো অনেকটাই ভেঙে পড়েছে এবং নেতাকর্মীরা আত্মগোপনে বা চাপে রয়েছেন। দলের শীর্ষ নেতৃত্ব বা সমর্থকদের পক্ষ থেকে ‘নির্দিষ্ট মাসে (যেমন ডিসেম্বর) শেখ হাসিনা ফিরে আসছেন’—এ ধরনের বক্তব্য মূলত হতাশ নেতাকর্মীদের চাঙা রাখা এবং মাঠে সক্রিয় রাখার একটি রাজনৈতিক কৌশল হতে পারে। প্রতিপক্ষ ও বর্তমান সরকারের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করাও এ ধরনের প্রচারণার অন্যতম উদ্দেশ্য। ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তায় শেখ হাসিনা দিল্লিতে একটি সুরক্ষিত অবস্থানে আছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এটি সরাসরি ‘গৃহবন্দি’ না হলেও এক ধরনের ‘নিয়ন্ত্রিত অবস্থান’। তিনি ভারতের অনুমতি বা নিরাপত্তাব্যবস্থা ছাড়া স্বাধীনভাবে কোথাও চলাফেরা করতে পারেন না। ভারত তাকে আশ্রয় দিয়েছে মূলত নিজেদের কৌশলগত বাধ্যবাধকতা থেকে। কিন্তু ভারত এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে তাদের সম্পর্ক আরো তলানিতে গিয়ে ঠেকে। তাই ভারতের সবুজ সংকেত ছাড়া তার নিজ উদ্যোগে সীমান্ত পার হয়ে দেশে ফেরার সুযোগ নেই। বর্তমান আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ মূলত দুটি—প্রত্যর্পণ (Extradition) অথবা পুশ ব্যাক (Push back)। বাংলাদেশের বর্তমান সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং বিভিন্ন মামলার ভিত্তিতে তাকে ফেরত চাইছে। কিন্তু ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির শর্ত এবং ভারতের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার কারণে দিল্লি এখনই তাকে হস্তান্তর করবে, এমন কোনো লক্ষণ নেই। ভারত এটিকে দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়ার মধ্যে আটকে রাখছে। ভারত যদি মনে করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখা তাদের ভূরাজনৈতিক স্বার্থের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, কেবল তখনই তারা তাকে ফেরত পাঠানোর (পুশ ব্যাক বা কূটনৈতিকভাবে হস্তান্তর) কথা ভাবতে পারে। তবে ভারত তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রকে এভাবে ফিরিয়ে দেবে, তা আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের কাছে অত্যন্ত অসম্ভব বলে মনে হয়।

বাংলাদেশে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ ৬৭৩টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যার অভিযোগেই ৪৫৩টি মামলা। ইতোমধ্যে আদালত থেকে রায়ও ঘোষিত হয়েছে। ফলে বিমানবন্দরে বা সীমান্তে পা রাখার সঙ্গে সঙ্গেই প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। সার্বিক বিবেচনায় বলা যায়, সাধারণ কোনো যাত্রীর মতো বা রাজনৈতিক নেতা হিসেবে স্বেচ্ছায় দেশে ফিরে আসার ক্ষমতা এখন আর শেখ হাসিনার হাতে নেই। তার অবস্থান, গতিবিধি এবং ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ভারতের কূটনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তাই কোনো নির্দিষ্ট মাসে তার স্বেচ্ছায় ফিরে আসার দাবিটি বাস্তবতার চেয়ে রাজনৈতিক প্রচারণা হিসেবেই বেশি প্রতীয়মান হয়। প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত নাম।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী স্পষ্টভাবে মন্তব্য করেছেন যে, শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে বা দেশের রাজনীতিতে ফিরে আসতে পারবেন না। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দিলারা চৌধুরী তার এই অবস্থান ব্যাখ্যা করেন। অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, পৃথিবীর ইতিহাসে গণঅভ্যুত্থানের মুখে বিতাড়িত এবং পরাজিত কোনো স্বৈরশাসক পরবর্তী সময়ে আর রাজনীতিতে ফিরে আসতে পারেননি। তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা যদি কোনোভাবে দেশে ফিরতে পারেন, তবে রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব (Political Science Theory) নতুন করে লিখতে হবে। তার মতে, প্রধানমন্ত্রীর পদে বসে শেখ হাসিনা নিজ দেশের সাধারণ মানুষের ওপর মারণাস্ত্র (lethal weapons) ব্যবহারের নির্দেশ দিয়েছেন, যার ফলে শুধু জাতিসংঘের হিসাবেই প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং ৩০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন। এই গণহত্যার কারণে তিনি নৈতিক ও রাজনৈতিক বৈধতা সম্পূর্ণরূপে হারিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরা বা বিমানবন্দরে নামার যেসব প্রচারণা চালানো হচ্ছে, তা নাকচ করে দিয়ে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে সাধারণ জনগণই তা রুখে দেবে। তিনি উল্লেখ করেন, ভারতে আশ্রয় নেওয়া এবং ভারতের সহযোগিতা নিয়েও তার পক্ষে বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় হওয়া সম্ভব নয়।

মরহুম তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদও এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনা বা শেখ পরিবারের কারো আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই। ঢাকা পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শারমিন আহমদ মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে একটি ‘মাফিয়া লীগে’ পরিণত হয়েছিল। তার মতে, বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থককে বিপদের মুখে ফেলে রেখে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছেন, তাতে তিনি নৈতিকভাবে পরাজিত হয়েছেন। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ বিতর্কিত শীর্ষ নেতাদের আর রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। শারমিন আহমদ মনে করেন, আওয়ামী লীগকে যদি ভবিষ্যতে টিকে থাকতে হয়, তবে মাফিয়াতন্ত্র ও দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের দল থেকে বহিষ্কার করে নতুন ও পরিচ্ছন্ন নেতৃত্বের হাতে দলের দায়িত্ব তুলে দিতে হবে।

লেখক: সৈয়দ আবদাল আহমদ

সিনিয়র সাংবাদিক (বর্তমানে সরকারের প্রধান তথ্য অফিসার)