Image description

১৯৮০-এর দশকে মাত্র ১ লক্ষ টাকার অনুদান নিয়ে যে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ, আজ সেই ইবনে সিনা ট্রাস্ট বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের অন্যতম পথিকৃৎ ও কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এটি মহান আল্লাহর অশেষ রহমত। পাশাপাশি এর পেছনে রয়েছে কিছু সৎ, দক্ষ, নির্লোভ, দূরদর্শী ও প্রতিশ্রুতিশীল মানুষের দীর্ঘদিনের শ্রম, ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। রয়েছে এদেশের চিকিৎসক সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং কোটি সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ এই প্রতিষ্ঠানকে ঘিরে কিছু অপপ্রচার, বিতর্ক ও ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানের নেতৃত্বকে বিতর্কিত করে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করা, সাংগঠনিকভাবে দুর্বল করা এবং এর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার নানা অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, কেন একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠানকে ঘিরে এত বিরোধিতা?
এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে বলে মনে করার যথেষ্ট অবকাশ রয়েছে।
১. সাশ্রয়ী চিকিৎসাসেবা ও ২৫% ডিসকাউন্টঃ 
ইবনে সিনা দীর্ঘদিন ধরে তুলনামূলক স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় ২৫% ডিসকাউন্ট সাধারণ মানুষের চিকিৎসাব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে অতিরিক্ত মুনাফানির্ভর ব্যবসায়িক প্রবণতার বিপরীতে ইবনে সিনার এই অবস্থান কিছু বাণিজ্যিক স্বার্থান্বেষী মহলের জন্য অস্বস্তির কারণ। কারণ, ইবনে সিনার মতো প্রতিষ্ঠান থাকলে ইচ্ছেমতো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবার মূল্য বাড়ানো সহজ নয়।
২. ক্যান্সার চিকিৎসায় বড় বিনিয়োগ ও আন্তর্জাতিক চিকিৎসাবাজারঃ 
ক্যান্সার চিকিৎসার জন্য প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি ভারতসহ বিভিন্ন দেশে যান। এতে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। ইবনে সিনা ইতোমধ্যে বিশেষায়িত ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেছে। এটি ক্যান্সার সনাক্তকরণে দেশের একমাত্র স্বতন্ত্র ডায়াগনস্টিক সেন্টার। পাশাপাশি প্রায় ১৫ লাখ বর্গফুট আয়তনের ১৫ তলা বিশিষ্ট একটি বৃহৎ ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ক্যান্সার চিকিৎসায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বিদেশমুখিতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাভাবিকভাবেই এটি আন্তর্জাতিক চিকিৎসাবাজারের বিদ্যমান বাণিজ্যিক স্বার্থে প্রতিযোগিতার নতুন মাত্রা তৈরি করবে। এই প্রতিযোগিতায় যারা ঝুঁকির মধ্যে রয়েছে তারা ইবনে সিনার এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে চায়। 
৩. NGS Lab প্রতিষ্ঠা, দেশের অর্থ দেশেই রাখার উদ্যোগঃ
ইবনে সিনা অল্প কয়েক মাসের মধ্যেই কোটি কোটি টাকা বিনিয়োগে NGS (Next Generation Sequencing) Lab-এর কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই প্রযুক্তিনির্ভর পরীক্ষাগুলোর অনেকগুলো এখনো দেশের বাইরে, বিশেষ করে ভারতে পাঠাতে হয়। দেশে এই সুবিধা চালু হলে রোগীদের সময় ও অর্থ সাশ্রয় হবে এবং বিদেশে পরীক্ষার জন্য বিপুল পরিমাণ অর্থ পাঠানোর প্রয়োজন কমবে। এটি শুধু ইবনে সিনার ব্যবসায়িক সম্প্রসারণ নয়, বরং দেশের স্বাস্থ্যসেবা খাতে সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ফলে বিদ্যমান আন্তর্জাতিক চিকিৎসাসেবা বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক।
৪. জুলাই গণঅভ্যুত্থানে মানবিক ভূমিকাঃ 
জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতা যখন চিকিৎসাসেবা পেতে চরম সংকটে পড়েছিলেন, তখন ইবনে সিনা তাদের পাশে দাঁড়িয়েছিল। প্রায় ৫ কোটি টাকারও বেশি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ আহতদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালও জুলাই গন অদ্ভুত্থানে ইবনে সিনার অবদানকে স্বীকার করেছে। এই মানবিক ভূমিকা দেশের মানুষের কাছে ইবনে সিনার অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এই অবদানকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জুলাই আন্দোলন বিরোধী দেশীয় ও আন্তর্জাতিক চক্র সক্রিয় কিনা তাও বিবেচনায় নিতে হবে। 
৫. দেশীয় ও আন্তর্জাতিক স্বার্থের সংঘাতঃ 
সাশ্রয়ী চিকিৎসাসেবা, ক্যান্সার চিকিৎসায় বড় বিনিয়োগ এবং আধুনিক জেনেটিক পরীক্ষার সক্ষমতা- এই তিনটি উদ্যোগই দেশের স্বাস্থ্যসেবা খাতে বিদ্যমান অনেক বাণিজ্যিক স্বার্থ ও আন্তর্জাতিক চিকিৎসাবাজারের প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। তাই দেশীয় স্বার্থান্বেষী ব্যবসায়িক মহল কিংবা আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষ ইবনে সিনার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইছে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
আমার আশঙ্কা, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ইবনে সিনাকে ঘিরে এই বিরোধিতা ও অপপ্রচারের প্রবণতা আরও দৃশ্যমান হয়েছে। কোনো কোনো মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানের নেতৃত্ব ও প্রতিষ্ঠানকে মুখোমুখি দাঁড় করিয়ে সাধারণ মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করছে। দুঃখজনকভাবে, কিছু শুভাকাঙ্ক্ষীও যথাযথভাবে সত্যতা যাচাই না করে এসব পোস্ট শেয়ার করছেন। বিগত ৫০ বছরে ইবনে সিনার যেসকল বোর্ড মেম্বার ও সিনিয়র এক্সিকিউটিভদের বিরুদ্ধে কেউ ১ টাকারও কোন দূর্নীতি কথা বলতে বা প্রমাণ করতে পারেনি, আজ সেসব সদস্যদের বিরুদ্ধে কল্পনাপ্রসূত দূর্নীতির অভিযোগ উঠানো হচ্ছে। যেসব ট্রাস্টি বোর্ড সদস্যরা সকাল থেকে রাত পর্যন্ত বিনা পারিশ্রমিকে শুধুমাত্র দেশ ও দশের সেবা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রতিষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আজ তাদের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। জুলাই পরবর্তী এসময়ে এসব কর্মকাণ্ড দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। আমরা যেন কারো ষড়যন্ত্রের ক্রীড়ানকে পরিনত না হই, সেদিকে অবশ্যই সতর্ক নজর রাখতে হবে। 
আমাদের সবার মনে রাখা প্রয়োজন, ইবনে সিনা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পদ নয়। এটি দীর্ঘদিনের শ্রম, ত্যাগ, বিনিয়োগ ও জনআস্থায় গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার নিরপেক্ষ তদন্ত হোক, প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত হোক। কিন্তু অভিযোগের নামে পরিকল্পিত অপপ্রচার, চরিত্রহনন কিংবা একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে ধ্বংস করার প্রচেষ্টা কোনোভাবেই কাম্য নয়।
তাই সবাইকে অনুরোধ করছি, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট দেখে আবেগতাড়িত হবেন না। শেয়ার করার আগে তথ্যের সত্যতা যাচাই করুন। কে, কী উদ্দেশ্যে এবং কোন স্বার্থে তথ্যটি প্রচার করছে, তা বোঝার চেষ্টা করুন। একটি ভুল শেয়ার, একটি ভিত্তিহীন অভিযোগ কিংবা একটি দায়িত্বহীন মন্তব্য একটি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অর্জন ও কোটি মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ইবনে সিনা বেঁচে থাকুক মানুষের কল্যাণে, দেশের মানুষের আস্থায়।
আল্লাহ এই প্রতিষ্ঠানকে সব ধরনের অনিষ্ট, ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত বিপর্যয় থেকে হেফাজত করুন।

-Mia Muzahid Islam