Image description

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কিছু দিন আগে শহরটির বায়ুমান কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু সম্প্রতি আবারও বাড়ছে দূষণ। গত টানা তিন দিন দূষিত শহরের তালিকায় বিশ্বের ১০ শহরের মধ্যে শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। বিশ্বের ১২৩ শহরের মধ্যে বায়ুদুষণে ঢাকার এ অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল আটটায় আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুর মান ৩৭৬। বায়ুর এ মানকে ‘খুব ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়। এর আগে গত মঙ্গলবার ও বুধবার সকালেও ঢাকা বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ছিল। 

এর মধ্যে রাজধানীর বেশকিছু এলাকায় বায়ুর মান ‘খুব ঝুঁকিপূর্ণ’। বৃহস্পতিবার সকালের সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ইস্টার্ন হাউজিং এলাকা। ওই এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর রেকর্ড করা হয়েছে ৬৫৭, দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পল্লবী দক্ষিণ এলাকা, যার স্কোর ৬১৩। এর পরেই ৫৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাগুফতা এলাকা।

বায়ুদূষণের এই তালিকায় ওপরের দিকে থাকা অন্যান্য এলাকাগুলোর মধ্যে উত্তর বাড্ডা (আবদুল্লাহবাগ) ৫১৮ স্কোর নিয়ে চতুর্থ এবং গুলশান লেক পার্ক ৪৮৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। এছাড়া বে’স এজওয়াটার আউটডোর এবং বেচারাম দেউড়ি এলাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩৭৬ ও ৩৭০।

এদিকে বৃহস্পতিবার আন্তজার্তিক বায়ু দূষনের তালিকায় তথ্যানুযায়ী, ৩৭৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে, একই সময়ে ২৩৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া কিনশাসা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ১৯৮ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ১৯০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং পঞ্চম অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাইয়ের স্কোর ১৭২।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। এটি নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

প্রসঙ্গত, ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।