আলোচিত ব্রান্ড প্রোমোটর ফারজানা ইসলামের শোরুম থেকে বিপুল পরিমাণ নকল কসমেটিক্স উদ্ধার করেছে রাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। নকল কসমেটিক্স বিক্রির অভিযোগে ‘মেক ইট আপ বাই ফারজানা ইসলাম’র শোরুমে অভিযান চালিয়ে এসব নকল কসমেটিক্স জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ‘ফারজানা কসমেটিক্সে’ এ অভিযান চালায় র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআইয়ের প্রসিকিউটর।
অভিযান শেষে র্যাব-২ এর অধিনায়ক খালেদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শোরুমটিতে অভিযান চালাই। প্রাথমিক যাচাইয়ে দেখেছি, জনপ্রিয় বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে নিম্নমানের পণ্য বাজারজাত করা হচ্ছিল। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শো-রুম সিলগালা করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফারজানা ইসলাম দীর্ঘদিন ধরে ব্রান্ড প্রোমোটর হিসেবে ফেসবুক লাইভ করে আসছেন। এরই ধারাবাহিকতায় নিজেও ‘ফারজানা কসমেটিক্স’ নামে শোরুম প্রতিষ্ঠা করেন। ফেসবুকে তার জনপ্রিয়তার কারণে অনেক ভোক্তা এই শোরুম থেকে পণ্য কিনে থাকেন। তবে তার শোরুমে নকল পণ্য বিক্রি করা হয় বলে অভিযোগ ছিল।