কপোতাক্ষ নদের বালু লুটের খবর প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
মঙ্গলবার (৩ মার্চ) যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন, শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ (কল্লোল) ও বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাদের বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, একটি জাতীয় দৈনিকে গত ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিকটির শ্যামনগর প্রতিনিধি সামিউল মনিরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।