রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল কর্তৃক শিবির ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মিছিলটি।
এ সময় অংশগ্রহণকারীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং জড়িতদের বিচার দাবি করেন।
শিবির সভাপতি মহিউদ্দিন বলেন, পবিত্র রমজান মাসে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শিবির ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ‘নৃশংস হামলা’ চালিয়েছে। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থানে থাকাকালীন তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা করা হয়।
তিনি বলেন, “এটি কোনো আকস্মিক সংঘর্ষ নয়; পূর্বপরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপর আঘাত হানা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, হামলার পর ঘটনার দায় শিবিরের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তিনি বলেন, “দায় এড়ানোর রাজনীতি নতুন নয়। কিন্তু বাস্তবতা শিক্ষার্থীরা দেখেছে। হামলার সঙ্গে যারা জড়িত, তাদেরই দায় নিতে হবে।”
সমাবেশে অন্যান্য বক্তারা দাবি করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তারা বলেন, “কোনো গোষ্ঠী যদি ক্যাম্পাসে দখলদারিত্ব কায়েম বা উত্তেজনা সৃষ্টি করতে চায়, শিক্ষার্থীরা তা প্রতিহত করবে।”
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায় ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে তারা অতীতেও সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাবি শিবির সেক্রেটারী কাজী আসিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খানসহ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।