Image description

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় পরিবর্তন করে ‘জিয়ানগর’ রাখা হয়েছে। এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ২০ জানুয়ারি ২০২৫ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রজ্ঞাপনটি গত ২৪ ফেব্রুয়ারি উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত জারি করেন।

জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার পারেরহাট, বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নের ১২৮ দশমিক ৬৭ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ১৯৭৬ সালে ইন্দুরকানী থানা গঠিত হয়। পরে ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্দুরকানী কলেজ মাঠে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে উপজেলার নাম ‘জিয়ানগর’ ঘোষণা করেন। সে সময় সংসদ সদস্য ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী।

পরবর্তীতে ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় পুনর্বিবেচনার মাধ্যমে উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ রাখা হয়।

জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ বলেন, “পুনরায় জিয়ানগর নাম ফিরে পাওয়ায় দলের নেতাকর্মীসহ আমরা আনন্দিত। আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে নাম পরিবর্তন করে ইন্দুরকানী করেছিল।”

শীর্ষনিউজ