Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগানোর প্রতিবাদে প্রক্টর অফিস ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এসময় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার আলটিমেটাম দেন তারা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয় তারা।

এসময় ‘ছাত্রলীগ পোস্টারিং করে, প্রশাসন কি করে’; ‘একশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’; ‘বাঁশের লাঠি তৈরি করো, ছাত্রলীগ ধোলাই করো’; ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’; ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবারসহ আরও স্লোগান দেন ডাকসুর নেতারা।

 

ক্যাম্পাসে পোস্টার লাগানোর বিষয়ে প্রক্টর অফিসে ছাত্র প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সঙ্গে কথা বলেন।

 
 

সেসময় প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, পোস্টার কখন লাগিয়েছে আমি যদি জানতাম তাহলে তো ওরে ধরে ফেলতাম। আমি সিকিউরিটি অফিসারকে বলেছি প্রত্যেক দারোয়ানের পরিচয় বের করো এবং এস্টেট অফিস যেন এখনই ওদের বরখাস্ত করে। আমরা ওদের ডাকব প্রত্যেককে ওখানে কি হয়েছে।

 

তিনি আরও বলেন, এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব। আমাদের চারুকলায় ওখানে দারোয়ান থাকে, কার্জন হলে দারোয়ান থাকে, কলাভবনে দারোয়ান থাকে, তারপরও কিভাবে এরা লাগায়? আমি প্রভোস্ট এবং এস্টেট অফিসকে বলেছি এদের তালিকা তৈরি করো।

ছাত্র প্রতিনিধিরা এসময় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রক্টরকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে কোন কোন কুলাঙ্গার ক্যাম্পাসে প্রবেশ করে পোস্টার টাঙাইছে, এটা আপনারা সিসিটিভি ফুটেজ দেখে আইডেন্টিফাই করে এদের পুলিশের হাতে দিয়ে আসবেন।

প্রক্টর অফিস থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে ডাকসু সমাজ সেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, নিষিদ্ধ সংগঠনটি (ছাত্রলীগ) গতরাতেই শুধু নয়, এর আগেও বিভিন্ন সময় ক্যাম্পাসে উসকানিমূলক কাজ করেছে। তারা শেখ হাসিনার ছবি, ব্যানার টানানো এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ গেটে তালা লাগানোর মতো কাজ করেছে। যা প্রশাসনের অবহেলার কারণেই তারা করার সাহস পাচ্ছে।

এসময় তিনি প্রশ্ন তোলে বলেন, যারা ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে ক্যাম্পাসে পোস্টার লাগানোর সাহস পায়? আমরা প্রক্টরকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি সিসিটিভি ফুটেজ চেক করে দায়ীদের শনাক্ত করার জন্য।

জুবায়ের ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, রাতের অন্ধকারে চোরের মতো এসে পোস্টার লাগিয়ে যেও না, যদি ধরা পড়ো তবে কুত্তার মতো পিটানো হবে। যারা শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে, তাদের সঙ্গে কোনো আপস করা হবে না।